৬৪ কোটির বিলাসবহুল প্রাসাদে কী কী আছে ভিনিসিয়াসের?
মাঠে তাঁর দুরন্ত গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষমতা ইতিমধ্যেই তাঁকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের তালিকায় জায়গা করে দিয়েছে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এখন শুধু খেলার জন্যই নন, তাঁর বিলাসবহুল জীবনযাপনের কারণেও আলোচনায়। স্পেনের মাদ্রিদে তাঁর যে প্রাসাদোপম বাড়ি রয়েছে, তার মূল্য প্রায় ৬০ লক্ষ ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪ কোটি টাকারও বেশি।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুবাদে মাদ্রিদেই থাকেন ২৫ বছর বয়সি এই ফুটবলার। প্রায় ২,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত তাঁর বাড়িতে রয়েছে সাতটি শয়নকক্ষ এবং আটটি অত্যাধুনিক বাথরুম। অতিথিদের জন্যও রয়েছে আলাদা থাকার সুব্যবস্থা।
বাড়ির অন্যতম আকর্ষণ বিশাল কাচের জানালা, যা মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত। ফলে সারাদিনই প্রাকৃতিক আলোয় ভরে থাকে গোটা বাড়ি। সাদা মার্বেলের মেঝে, দামি কাঠের প্যানেলে সাজানো দেওয়াল এবং আধুনিক ইন্টিরিয়র পুরো বাড়িটিকে আরও রাজকীয় করে তুলেছে।
বিনোদনের জন্য রয়েছে ব্যক্তিগত সিনেমা হল, যেখানে আরামদায়ক আসনে বসে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে সিনেমা উপভোগ করা যায়। শরীরচর্চার জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি-সমৃদ্ধ ব্যক্তিগত জিম। পাশাপাশি রয়েছে একটি স্টাইলিশ বার এবং আলাদা এন্টারটেনমেন্ট রুম, যেখানে অতিথিদের সঙ্গে সময় কাটান ভিনিসিয়াস।
বাড়ির দুই প্রান্তে রয়েছে দুটি সুইমিং পুল। চারপাশে সুপরিকল্পিত বাগান, পাম গাছের সারি এবং ছোট একটি অনুশীলন মাঠও রয়েছে, যেখানে অবসরে ফুটবল অনুশীলন করেন ব্রাজিল তারকা।
নিরাপত্তার ক্ষেত্রেও কোনও খামতি রাখেননি তিনি। অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা ও কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা গোটা প্রাসাদ। কারণ, বাড়ির ভিতরে রয়েছে বহু মূল্যবান সংগ্রহ।
ভিনিসিয়াসের অন্যতম শখ স্নিকার্স সংগ্রহ। তাঁর বাড়িতে রয়েছে জুতোর জন্য আলাদা একটি ঘর, যেখানে শোকেসে সাজানো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিরল স্নিকার্স। একইভাবে পোশাকের জন্যও রয়েছে আলাদা ওয়াক-ইন ক্লোজেট। সেখানে সংরক্ষিত রয়েছে তাঁর বিভিন্ন সময়ের জার্সির সংগ্রহও।
গাড়ির প্রতিও রয়েছে তাঁর বিশেষ অনুরাগ। ব্যক্তিগত গ্যারাজে রয়েছে বিএমডব্লু, অডি এবং ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি। দামি ঘড়ির সংগ্রহও নজরকাড়া। তাঁর সবচেয়ে মূল্যবান ঘড়িগুলির মধ্যে একটি গাগা মিলানো কর্ক বিলিয়ন, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা।
মাদ্রিদের এই প্রাসাদ ছাড়াও ব্রাজিলের রিও ডি জেনেইরোতে তাঁর আরও একটি বিলাসবহুল বাংলো রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩৬ কোটি টাকা।
বিদেশ সফরে প্রায়ই ব্যক্তিগত জেট ব্যবহার করেন ভিনিসিয়াস। অবসর কাটাতে তাঁর পছন্দ মিয়ামি, ইবিজা ও দুবাইয়ের মতো বিশ্বের ব্যয়বহুল পর্যটনকেন্দ্র।
মাত্র ২৫ বছর বয়সেই মাঠের সাফল্যের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনের জন্যও বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের এই তারকা। ফুটবলের পাশাপাশি তাঁর জীবনযাত্রাও এখন ভক্তদের কাছে সমান কৌতূহলের বিষয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?