দীপিকার সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন কৃতি
কৃতি সেনন ও দীপিকা পাড়ুকোন— দু’জনের মধ্যেই নাকি বেশ কিছু মিল খুঁজে পান দর্শকেরা। দু’জনেই দীর্ঘাঙ্গী, পর্দায় তাঁদের ব্যক্তিত্বও নজর কাড়ে। আর ‘ককটেল ২’-এ কৃতির অভিনয়ের পর থেকেই শুরু হয়েছে আরও একটি তুলনা— দীপিকার জনপ্রিয় ‘ভেরোনিকা’ চরিত্রের সঙ্গে কৃতির ‘অ্যালি’-র।
এই তুলনা যে তৈরি হবে, তা আগেই বুঝেছিলেন কৃতি। তবে অভিনেত্রীর দাবি, দুই চরিত্রের মধ্যে কিছু মিল থাকলেও তাঁরা সম্পূর্ণ আলাদা।
২০১২ সালে মুক্তি পাওয়া Cocktail ছবিতে দীপিকার অভিনীত ভেরোনিকা চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। স্বাধীনচেতা, নিজের নিয়মে চলা এবং আবেগকে নিজের মধ্যে লুকিয়ে রাখা এই চরিত্রটি বলিউডের অন্যতম স্মরণীয় নারী চরিত্র হয়ে উঠেছিল।
এ বার ‘ককটেল ২’-এ কৃতি অভিনয় করেছেন অ্যালি চরিত্রে। সেই চরিত্রের মধ্যেও রয়েছে স্বাধীন মানসিকতা, নিজের মতো করে বাঁচার ইচ্ছা এবং কিছুটা বেপরোয়া স্বভাব। ফলে স্বাভাবিক ভাবেই ভেরোনিকার সঙ্গে তুলনা শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে কৃতি বলেন, দীপিকার সঙ্গে তুলনা হবে, সেটা তিনি জানতেন। তবে তাঁর লক্ষ্য ছিল নিজের চরিত্রকে আলাদা ভাবে ফুটিয়ে তোলা। তাঁর কথায়, “চরিত্রগুলোর মধ্যে কিছুটা মিল রয়েছে। দু’টিই স্বাধীনচেতা এবং একটু অন্য রকম। কিন্তু অ্যালি আর ভেরোনিকা সম্পূর্ণ আলাদা।”
কৃতি আরও জানান, কোনও অভিনেতার করা জনপ্রিয় চরিত্রের পুনরাবৃত্তি করার কোনও অর্থ নেই। তাঁর মতে, “দীপিকা যে চরিত্রটি করেছেন, আমি কেন সেটাই আবার করব? ‘ককটেল ২’-এর গল্প, চরিত্র এবং সমস্যাগুলো একেবারেই আলাদা। অ্যালির নিজের একটা আলাদা পরিচয় রয়েছে।”
বারবার অন্য অভিনেত্রীদের সঙ্গে তুলনা হওয়া নিয়েও নিজের মত জানিয়েছেন কৃতি। তাঁর মতে, আত্মবিশ্বাস থাকলে এই ধরনের তুলনা খুব একটা প্রভাব ফেলে না। অভিনেত্রী বলেন, “নিজের উপর বিশ্বাস থাকলে এগুলো কোনও বিষয় নয়। অনেক সময় শুধুমাত্র আলোচনার জন্যও এই ধরনের তুলনা করা হয়। প্রত্যেক অভিনেত্রী নিজের মতো আলাদা।”
দীপিকার সঙ্গে তুলনা থাকলেও কৃতি জানিয়েছেন, তাঁর আসল প্রতিযোগিতা নিজের সঙ্গেই। আগামী দিনে আরও চ্যালেঞ্জিং এবং ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করাই তাঁর লক্ষ্য।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?