সরপ্রীতের পর নিউ জ়িল্যান্ড দলে আর এক ভারতীয় বংশোদ্ভূত!!
নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপ দলে শুধু ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার সরপ্রীত সিংহই নন, রয়েছেন আরও এক ‘সিংহ’। তবে তিনি মাঠে নেমে গোল করেন না, বরং মাঠে নামার জন্য ফুটবলারদের তৈরি করেন। তিনি সুনেশ ‘সুনজ়’ সিংহ— নিউ জ়িল্যান্ড দলের অ্যাথলেটিক পারফরম্যান্স লিড এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ।
বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডের হয়ে নজর কেড়েছেন সরপ্রীত। ইরানের বিরুদ্ধে প্রায় পুরো ম্যাচ খেলেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার। কিন্তু দলের সাফল্যের নেপথ্যে আরও এক ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন, যাঁর কাজ খেলোয়াড়দের শরীর ও মনকে সর্বোচ্চ পর্যায়ের জন্য প্রস্তুত রাখা।
২০১৯ সাল থেকে নিউ জ়িল্যান্ড ফুটবল দলের সঙ্গে যুক্ত সুনেশ। দেশের অন্যতম সেরা ফিটনেস বিশেষজ্ঞ হিসাবে পরিচিত তিনি। শুধু পেশির শক্তি বাড়ানো নয়, ফুটবলারদের ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘ সময় ধরে একই মানের পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।
দক্ষিণ আফ্রিকায় জন্ম সুনেশের। ২০০১ সালে তিনি পাড়ি দেন নিউ জ়িল্যান্ডে। ক্রীড়াবিজ্ঞানে তাঁর বিশেষ ডিগ্রি রয়েছে। পেশাদার খেলোয়াড়দের ফিটনেস নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। অতীতে বিশ্বের অন্যতম সেরা মিক্সড মার্শাল আর্ট যোদ্ধা তথা পেশাদার বক্সার ইসরায়েল আদেসানিয়ার সঙ্গেও কাজ করেছেন সুনেশ।
নিজের তৈরি প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে নিউ জ়িল্যান্ডের ক্রীড়াক্ষেত্রে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। আট বছর ইস্টার্ন সাবার্বস এফসির সঙ্গেও যুক্ত ছিলেন এই ফিটনেস বিশেষজ্ঞ।
বিশ্বকাপে তাঁর অন্যতম বড় দায়িত্ব ছিল নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার মাইকেল বক্সালকে ফিট রাখা। ৩৮ বছর বয়সি বক্সাল দলের অন্যতম বয়স্ক ফুটবলার। অতীতে মেজর লিগ সকারে খেলার সময় অ্যাডাক্টর চোটে ভুগেছিলেন তিনি। বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় ছিল।
কিন্তু সুনেশের পরিকল্পনা ও প্রশিক্ষণে ধীরে ধীরে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বক্সাল। নিজের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে সুনেশের অবদানের কথা একাধিক বার স্বীকার করেছেন তিনি।
সরপ্রীত সিংহ যেমন মাঠে নিজের দক্ষতা দিয়ে নিউ জ়িল্যান্ডকে সাহায্য করছেন, তেমনই সুনেশ সিংহ পর্দার আড়াল থেকে দলের শারীরিক প্রস্তুতির অন্যতম কারিগর। বিশ্বকাপের মঞ্চে তাই নিউ জ়িল্যান্ড দলের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত এই দুই ‘সিংহ’-এর উপস্থিতিও নজর কেড়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?