বাধার মাঝেও গান থামালেন না দিলজিৎ দোসাঞ্জ!
পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানে ফের তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। আমেরিকার সান ফ্রান্সিসকোর চেস সেন্টারে তাঁর ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর অনুষ্ঠানে এক বিক্ষোভকারী মঞ্চে উঠে পড়েন বলে অভিযোগ। হাতে ছিল খলিস্তানপন্থী পতাকা। এমন পরিস্থিতিতেও নিজের অনুষ্ঠান থামাননি দিলজিৎ। নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিকে মঞ্চ থেকে সরিয়ে দেন এবং পুলিশ তাঁকে আটক করে।
জানা গিয়েছে, দিলজিতের অনুষ্ঠানে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে কানাডার একটি অনুষ্ঠানেও একই ধরনের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। সে সময়ও কয়েক জন দর্শক খলিস্তানের পতাকা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দিলজিৎ জানিয়েছিলেন, তাঁর অনুষ্ঠানে এসে কেউ বিশৃঙ্খলা তৈরি করলে তা বরদাস্ত করা হবে না।
সূত্রের দাবি, গত কয়েক মাস ধরেই একটি নির্দিষ্ট সংগঠনের তরফে হুমকি পাচ্ছিলেন দিলজিৎ। সান ফ্রান্সিসকোয় তাঁর ট্যুরের প্রথম অনুষ্ঠানেই ফের এমন ঘটনার মুখে পড়তে হল তাঁকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি আচমকাই মঞ্চে উঠে গায়কের কাছে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে নামিয়ে দেন। কিছু সময়ের জন্য অনুষ্ঠান ব্যাহত হলেও দিলজিৎ পরে আবার গান শুরু করেন।
ঘটনার পর মঞ্চ থেকেই নিজের অবস্থান স্পষ্ট করেন দিলজিৎ। তিনি জানান, পঞ্জাব এবং পঞ্জাবিদের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরের। কৃষক আন্দোলন থেকে শুরু করে পঞ্জাবের বিভিন্ন সমস্যার সময়ে তিনি নিজের মতো করে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
দিলজিৎ বলেন, তিনি বিভিন্ন সময়ে পঞ্জাবের বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরেছেন। তাঁর কথায়, কোনও নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং নিজের শিকড় এবং মানুষের সমস্যার কথা বলার জন্যই তিনি তা করেছেন। এমনকি পঞ্জাবের জন্য প্রয়োজনের সময়ে সাহায্যও করেছেন বলে জানান তিনি।
গায়ক আরও বলেন, তিনি একাধিক জায়গায় পঞ্জাব ও শিখ সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরেছেন। কিন্তু তাঁর গানের মঞ্চে এসে বিক্ষোভ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা তিনি মেনে নেবেন না।
দিলজিতের বক্তব্য, মতপ্রকাশের অধিকার সকলের থাকলেও অন্যের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। এ দিকে, অনুষ্ঠান শেষ পর্যন্ত সফল ভাবেই সম্পন্ন করেন দিলজিৎ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?