ইংরেজি মেসেজে বিপাকে গিপ্পী!!
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ Aamir Khan-এর সঙ্গে বন্ধুত্ব আজ গভীর। কিন্তু সেই বন্ধুত্বের শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না পঞ্জাবি অভিনেতা-গায়ক Gippy Grewal-এর জন্য। সম্প্রতি Shekhar Suman-এর একটি অনুষ্ঠানে হাজির হয়ে সেই মজার অভিজ্ঞতার কথা শোনালেন তিনি।
গিপ্পীর কথায়, আমিরের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। একটি ছবির প্রচারের জন্য আমির নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন। প্রথম সাক্ষাৎ থেকেই দু’জনের মধ্যে সহজ বন্ধুত্ব তৈরি হয়ে যায়। দীর্ঘ আড্ডা, একসঙ্গে খাওয়া-দাওয়া— সব মিলিয়ে সম্পর্ক দ্রুতই ঘনিষ্ঠ হয়ে ওঠে।
তবে আসল সমস্যার শুরু হয় পরের দিন। হোটেলে ফেরার পর আমিরের কাছ থেকে একটি দীর্ঘ ইংরেজি মেসেজ পান গিপ্পী। মেসেজের অর্থ মোটামুটি বুঝলেও, ইংরেজিতে যথাযথ উত্তর লিখতে গিয়ে বিপাকে পড়েন তিনি।
গিপ্পী হাসতে হাসতে জানান, প্রথমে তিনি নিজের ম্যানেজারকে ঘুম থেকে তুলে সাহায্য চান। কী বলতে চান, তা বুঝিয়ে দিয়ে ইংরেজিতে উত্তর লিখিয়ে নেন। সেই উত্তরই পাঠিয়ে দেন আমিরকে। কিন্তু কিছুক্ষণ পর আমির আরও বড় একটি মেসেজ পাঠালে নতুন বিপদ দেখা দেয়। ততক্ষণে ম্যানেজার ঘুমিয়ে পড়েছেন এবং ফোনও ধরছেন না।
তখন গিপ্পী কানাডায় থাকা এক বন্ধুকে ফোন করে সেই মেসেজের উত্তর তৈরি করান। এ ভাবেই কখনও ম্যানেজার, কখনও বন্ধু— বিভিন্ন মানুষের সাহায্যে আমিরের মেসেজের জবাব দিতেন তিনি।
গিপ্পীর দাবি, এই ঘটনা এক-দু’দিন নয়, টানা ছয় থেকে আট মাস চলেছিল। তিনি বলেন, “আমির এত ভাল বন্ধু হয়ে উঠেছিলেন যে নিয়মিত যোগাযোগ থাকত। কিন্তু আমার ইংরেজি লেখার আত্মবিশ্বাস ছিল না। তাই অন্যদের সাহায্য নিয়েই উত্তর পাঠাতাম।”
শেষ পর্যন্ত একদিন তিনি পুরো বিষয়টি আমিরকে খোলাখুলি জানিয়ে দেন। তখন তাঁদের বন্ধুত্ব এতটাই গভীর হয়েছিল যে বিষয়টি নিয়ে দু’জনেই হেসেছিলেন।
এখন অবশ্য আর সেই সমস্যা নেই। গিপ্পী জানান, তাঁরা মূলত ভয়েস নোটে কথা বলেন। আমিরও এখন প্রায়শই ভয়েস মেসেজ পাঠান, ফলে ভাষাগত জড়তা আর বাধা হয়ে দাঁড়ায় না।
আমির সম্পর্কে বলতে গিয়ে গিপ্পী আরও জানান, তারকার জনপ্রিয়তা সত্ত্বেও তাঁর ব্যবহার অত্যন্ত আন্তরিক। বহুবার আমিরের বাড়িতে গেলে অভিনেতা নিজে নীচে নেমে তাঁকে বিদায় জানিয়েছেন। এমনকি অনেক সময় খালি পায়েও দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছেন।
একবার Chandigarh-এর একটি বিলাসবহুল হোটেলে দেখা করতে গিয়েও একই অভিজ্ঞতা হয়েছিল গিপ্পীর। ভিড়ের মধ্যে নীচে নামার প্রয়োজন নেই বলে অনুরোধ করলেও আমির নাকি হেসে বলেছিলেন, “লোকজন যদি তোমাকে চিনতে পারে, তা হলে আমাকে চিনলে সমস্যা কোথায়?”
গিপ্পীর মতে, এই সহজ-সরল ব্যবহার এবং মানুষের প্রতি সম্মানই আমির খানকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?