তৃতীয় বার বিয়ের পিঁড়িতে আমির!
ষাট বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট-এর সঙ্গে আগামী ৫ জুলাই আইনি বিয়ে করতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
সম্প্রতি সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে। জানা গিয়েছে, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা।
একাধিক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদের পর আর কখনও বিয়ের কথা ভাবেননি। তবে গৌরীর সঙ্গে পরিচয়ের পর তাঁর মানসিক অবস্থার পরিবর্তন হয়। অভিনেতার কথায়, গৌরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই নিজেকে মানসিকভাবে বিবাহিত বলে মনে হয়েছে।
তাই এবার সেই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে চলেছেন তিনি। আমির জানিয়েছেন, তিনি এবং গৌরী— দু’জনেই খুব বেশি আড়ম্বর পছন্দ করেন না। ফলে অনুষ্ঠানও হবে অত্যন্ত সাদামাঠা। তাঁদের পরিবারের সদস্যরাই থাকবেন এই বিশেষ দিনের প্রধান সাক্ষী।
সম্প্রতি লগান ছবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে এক বিরল দৃশ্য দেখা গিয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আমিরের বর্তমান সঙ্গী গৌরীর পাশাপাশি তাঁর দুই প্রাক্তন স্ত্রী— রিনা দত্ত এবং কিরণ রাও। তিন জনকে একসঙ্গে দেখে অনেকে অবাক হলেও তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নজর কেড়েছিল।
শুধু তাই নয়, সম্প্রতি কিরণ ও তাঁর সন্তানের সঙ্গে গৌরীকেও একসঙ্গে দেখা গিয়েছে। আমিরের বর্তমান ও প্রাক্তন পরিবারের সদস্যদের এই সুসম্পর্ক সোশ্যাল মিডিয়াতেও প্রশংসিত হয়েছে।
আমিরের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায়, ১৯৮৬ সালে পরিবারের অমতে পালিয়ে রিনাকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ‘লগান’-এর শুটিংয়ের সময় কিরণ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ২০০৫ সালে তাঁরা বিয়ে করেন। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা করেন দু’জনে।
এবার জীবনের তৃতীয় অধ্যায়ে পা রাখতে চলেছেন আমির। আর ৫ জুলাই, পরিবারের আশীর্বাদ ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিক ভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন তিনি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?