রোনাল্ডোদের জন্য সংরক্ষিত মাঠ!
বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল যাতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পায়, সে জন্য একাধিক নিয়ম তৈরি করেছে ফিফা। কিন্তু সেই নিয়মই এ বার কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের জন্য। আমেরিকায় পৌঁছে অনুশীলন শুরু করলেও কয়েকটি অত্যাধুনিক মাঠ ব্যবহার করতে পারছে না হ্যারি কেনদের দল। কারণ, সেই মাঠগুলি আগেভাগেই সংরক্ষিত রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের জন্য।
বর্তমানে ইংল্যান্ড অনুশীলন করছে ফ্লোরিডার গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কে। প্রায় ৮২ একর জুড়ে বিস্তৃত এই ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে ১০টি ফিফা অনুমোদিত ফুটবল মাঠ। বিশ্বকাপ চলাকালীন পর্তুগালেরও এখানেই অনুশীলন করার কথা।
ফিফার একটি বিশেষ নিয়মের কারণে সমস্যার মুখে পড়েছে ইংল্যান্ড। ‘পিচ প্রোটেকশন পিরিয়ড’ নামে পরিচিত এই নিয়ম অনুযায়ী, কোনও দল যদি নির্দিষ্ট মাঠ বেছে নেয়, তা হলে সেই দল মাঠে আসার ২৮ দিন আগে থেকে অন্য কোনও দল সেখানে অনুশীলন করতে পারে না। মাঠের ঘাস ও অবকাঠামোর মান বজায় রাখতেই এই ব্যবস্থা।
পর্তুগাল শিবির আগেভাগেই কয়েকটি মাঠ নিজেদের জন্য নির্ধারণ করে রেখেছে। ফলে ইংল্যান্ড চাইলে সেগুলি ব্যবহার করতে পারছে না। আশঙ্কা, অন্য কোনও দলের অনুশীলনের ফলে মাঠের ঘাস ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বিশ্বকাপের আগে কোনও দলই মেনে নিতে চাইবে না।
তবে ইংল্যান্ডের কাছে বিষয়টি সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। ফিফার নিয়ম সম্পর্কে তারা আগে থেকেই অবগত ছিল। বর্তমানে যে মাঠগুলিতে তারা অনুশীলন করছে, সেগুলিও আন্তর্জাতিক মানের এবং খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখছে না।
বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড নিজেদের অনুশীলন কেন্দ্রকে আরও উন্নত করেছে। ডিস্ট্রিক্ট পার্কে পৌঁছে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী একটি আধুনিক জিমনেশিয়ামও তৈরি করেছে। পর্তুগাল সেই সুবিধা ব্যবহার করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মাঠের মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফিফার এই নিয়ম অনেক সময় কিছু দলের জন্য অসুবিধার কারণ হলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগিতার মান ধরে রাখার জন্য তা কার্যকর বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?