টলিউডে বড় পরিবর্তনের ইঙ্গিত, ‘ব্যান’!
টলিউডের প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় এক বৈঠকের পর তিনি জানান, ভবিষ্যতে বাংলা চলচ্চিত্র জগতের নিয়ন্ত্রণ আরও কেন্দ্রীয় কাঠামোর অধীনে আনা হতে পারে। তাঁর দাবি, দিল্লির তত্ত্বাবধানে একটি নতুন কো-ফেডারেশন বা কনফেডারেশন গড়ে উঠে টলিউডের বিভিন্ন সংগঠনের কাজ দেখভাল করবে।
পাপিয়ার বক্তব্য অনুযায়ী, বর্তমানের একাধিক গিল্ড বা সংগঠনের বদলে সীমিত সংখ্যক কমিটির মাধ্যমে পরিচালিত হবে শিল্পজগতের বিভিন্ন বিষয়। তিনি দাবি করেন, এর মূল উদ্দেশ্য টলিউডকে দুর্নীতিমুক্ত করা এবং কর্মীদের স্বার্থ রক্ষা করা।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তাঁর ‘ডি কিউব’ (ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট) নীতি। এই নীতির আওতায় কয়েকজন সংগঠন-নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে তাঁদের টলিউডে কাজের সুযোগ বন্ধ করার কথা বলেন তিনি। যদিও এই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে বিতর্ক।
কারণ, বাংলা বিনোদন জগতে দীর্ঘদিন ধরেই ‘ব্যান’ বা অঘোষিত নিষেধাজ্ঞা নিয়ে নানা অভিযোগ উঠেছে। অতীতে বহু অভিনেতা, পরিচালক ও কলাকুশলী এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাই নতুন প্রশাসনিক কাঠামোর মধ্যেও একই ধরনের প্রবণতা ফিরে আসতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই প্রসঙ্গে বিজেপির আর এক বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, তিনি এখনও পুরো বিষয়টি জানেন না। পাপিয়া অধিকারীর বক্তব্য সরাসরি না শুনে মন্তব্য করতে চাননি তিনি। তবে তাঁর মতে, টলিউড সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তথ্য-সংস্কৃতি দফতরের স্তরেই নেওয়া হবে।
অন্য দিকে অভিনেত্রী ও বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে কোনও মন্তব্য করতে চান না। বিষয়টি বিস্তারিতভাবে না জেনে তাঁর পক্ষে মত দেওয়া সম্ভব নয়।
উল্লেখযোগ্য বিষয় হল, টলিউডের দেখভালের দায়িত্বে রয়েছেন চার জন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক— রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে কোনও যৌথ বৈঠকে দেখা যায়নি।
ফলে টলিউডের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো কেমন হবে, ‘ব্যান’ সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটবে কি না, এবং দিল্লির প্রস্তাবিত নতুন ব্যবস্থাপনা আদৌ বাস্তবায়িত হবে কি না— তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে চলচ্চিত্র মহলে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?