বৈভবের ঝড়ে আড়ালে যশস্বী! রাজস্থান ছাড়ার পরামর্শ, কেকেআরে কি নতুন ঠিকানা?

বৈভবের ঝড়ে আড়ালে যশস্বী! এক সময় রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ বলতে যাঁর নাম সবার আগে উঠে আসত, তিনি যশস্বী জয়সওয়াল। ধারাবাহিক পারফরম্যান্স, আগ্রাসী ব্যাটিং এবং ম্যাচ জেতানোর ক্ষমতায় রাজস্থানের অন্যতম বড়…

May 29, 2026
1 min read

বৈভবের ঝড়ে আড়ালে যশস্বী!

এক সময় রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ বলতে যাঁর নাম সবার আগে উঠে আসত, তিনি যশস্বী জয়সওয়াল। ধারাবাহিক পারফরম্যান্স, আগ্রাসী ব্যাটিং এবং ম্যাচ জেতানোর ক্ষমতায় রাজস্থানের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু চলতি আইপিএলে ছবিটা যেন একেবারেই বদলে গিয়েছে। এখন সব আলো কেড়ে নিয়েছেন ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আর সেই কারণেই নাকি চাপে পড়েছেন যশস্বী।

সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু এমনই মন্তব্য করে আলোড়ন ফেলেছেন। তাঁর মতে, বৈভবের বিপুল জনপ্রিয়তা এবং নজরকাড়া পারফরম্যান্সের কারণে যশস্বী রাজস্থানে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না। তাই তিনি সরাসরি পরামর্শ দিয়েছেন, যশস্বীর অন্য দলে চলে যাওয়া উচিত।

হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে বৈভব মাত্র ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচেই যশস্বীর ব্যাট থেকে আসে ২৯ বলে ২৯ রান। পরিসংখ্যানই যেন বুঝিয়ে দিচ্ছিল, একদিকে ঝড় উঠেছে, অন্যদিকে সেই ঝড়ে চাপা পড়ে যাচ্ছে অন্য ব্যাটারের উপস্থিতি।

রায়ডুর বক্তব্য, “যশস্বী নিজেও বড় মাপের ক্রিকেটার। কিন্তু যখন কোনও জুনিয়র ক্রিকেটার পুরো আলো কেড়ে নেয়, তখন সিনিয়রদের উপর মানসিক চাপ তৈরি হতে পারে। যশস্বীর উচিত এমন দলে যাওয়া, যেখানে ও নিজের মতো করে খেলতে পারবে।”

তিনি আরও বলেন, মুম্বই ইন্ডিয়ান্স যশস্বীর জন্য ভাল বিকল্প হতে পারে। কারণ, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে দীর্ঘ দিন খেলেছেন তিনি। ভবিষ্যতে রোহিত শর্মার জায়গা পূরণ করার মতো ওপেনার হিসাবেও যশস্বীকে ভাবা যেতে পারে।

তবে শুধু মুম্বই নয়, কেকেআরের নামও উঠে আসছে সম্ভাব্য গন্তব্য হিসেবে। কলকাতা নাইট রাইডার্স গত কয়েক মরসুমে ওপেনিং জুটিতে ধারাবাহিকতা পায়নি। অজিঙ্ক রাহানে অভিজ্ঞ হলেও বয়সের কারণে আগের ধার নেই। সে ক্ষেত্রে যশস্বী যদি কেকেআরে যোগ দেন, তা হলে ফিন অ্যালেনের সঙ্গে একটি শক্তিশালী ও আক্রমণাত্মক ওপেনিং জুটি তৈরি হতে পারে।

আরও একটি বিষয় কেকেআরের সম্ভাবনা বাড়াচ্ছে। সম্প্রতি যশস্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভাল জায়গায় নেই বলেই মনে করছেন অনেকে। সেই পরিস্থিতিতে নতুন পরিবেশে নতুন শুরু করার ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদিও চলতি আইপিএলে যশস্বীর পারফরম্যান্স মোটেও খারাপ নয়। ১৫ ম্যাচে ৪২৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৩-এর বেশি। এসেছে তিনটি অর্ধশতরানও। কিন্তু সমস্যা হচ্ছে, এ বার গোটা মরসুমটাই যেন বৈভব সূর্যবংশীকে ঘিরে আবর্তিত হচ্ছে। আলোচনা, প্রশংসা, শিরোনাম— সবটাই এখন তাঁর দখলে।

এখন দেখার, আগামী আইপিএলে যশস্বী সত্যিই নতুন দলে যোগ দেন কি না। যদি দেন, তবে কেকেআর কি হতে চলেছে তাঁর নতুন ঠিকানা? ক্রিকেটমহলে সেই জল্পনাই এখন তুঙ্গে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *