চাকরির বয়সসীমা বাড়ানো থেকে কেন্দ্রীয় প্রকল্প চালু!
Suvendu Adhikari নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হল। সরকারি চাকরির আবেদনের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করা, সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি হস্তান্তর এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) চালুর মতো বিষয়গুলি নিয়ে স্পষ্ট অবস্থান নিল নতুন সরকার।
নবান্নে সোমবার আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন Dilip Ghosh, Agnimitra Paul, Nisith Pramanik-সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের সরকার “সুশাসন ও সুরক্ষা”-র নীতিতে চলবে এবং ‘ডবল ইঞ্জিন সরকার’-এর মডেল অনুসরণ করবে পশ্চিমবঙ্গ।
সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে সরকারি চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৫ সালের পরে দীর্ঘ সময় রাজ্যে নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে ছিল। ফলে বহু চাকরিপ্রার্থী বয়সসীমা পার করে ফেলেছেন। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই পাঁচ বছর বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়াও সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিএসএফ-কে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের জনবিন্যাস বদলের বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ।
নতুন সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলিকেও সক্রিয় ভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। Ayushman Bharat-এ পশ্চিমবঙ্গকে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান শুভেন্দু। পাশাপাশি Pradhan Mantri Fasal Bima Yojana, PM SHRI, Beti Bachao Beti Padhao, Pradhan Mantri Ujjwala Yojana-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।
আইনশৃঙ্খলা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, এত দিন রাজ্যে সঠিক ভাবে Bharatiya Nyaya Sanhita কার্যকর হয়নি। সোমবার থেকেই তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক ক্ষেত্রেও বদলের ইঙ্গিত দিয়েছে সরকার। আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে পাঠানোর বিষয়ে নিয়ম মেনে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, পূর্ববর্তী সরকারের আমলে এই বিষয়ে অনীহা ছিল।
প্রথম বৈঠকেই একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক বার্তা দিয়ে নতুন সরকার যে দ্রুত সক্রিয় হতে চাইছে, তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা