বৈভবের মজার মুহূর্ত ভাইরাল!
মাঠে নামলে সে একেবারে অন্য মানুষ— নির্ভীক, আক্রমণাত্মক, চোখে শুধু বল আর রান। কিন্তু মাঠের বাইরে? সেখানে আবার একেবারে অন্য রূপ! বৈভব সূর্যবংশী-র সেই সরল, শিশুসুলভ দিকটাই সামনে এল পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর।
আইপিএলের এই মরসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বৈভব। প্রতিপক্ষ দলে জসপ্রীত বুমরাহ হোক বা ভুবনেশ্বর কুমার— কারও নাম দেখে ভয় পায় না সে। তার লক্ষ্য একটাই— বল দেখলেই বড় শট। সেই আত্মবিশ্বাসেই রাজস্থান রয়্যালসকে প্রায় প্রতি ম্যাচেই দারুণ শুরু এনে দিচ্ছে এই ১৫ বছরের ওপেনার।
তবে হোটেলে ফেরার পর দেখা গেল একেবারে উল্টো ছবি!
পঞ্জাব কিংসকে হারিয়ে দল যখন উদ্যাপনে ব্যস্ত, তখন হোটেলের লবিতে রাখা হয়েছিল একটি কেক। কে কাটবে, তা নিয়ে আলোচনা শুরু হতেই সবার নজর যায় বৈভবের দিকে— কারণ ম্যাচে তার ১৬ বলে ৪৩ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দিয়েছিল।
কিন্তু এখানেই মজার ঘটনা। বৈভব কিছুতেই কেক কাটতে রাজি নয়! সে গিয়ে রবীন্দ্র জাডেজা-কে বলে, “দাদা, তুমি কেক কাটো না।” জাডেজা মজা করে উল্টে তাকে-ই বলেন কেক কাটতে। তখনই আসল কারণটা সামনে আসে।
বৈভবের সরল স্বীকারোক্তি— “আমি কেক কাটলেই সবাই আমার মুখে মাখিয়ে দেবে, তাই কাটব না!”
এই কথায় হাসির রোল পড়ে যায় চারপাশে। শেষমেশ জাডেজাই তাকে ধরে কেকের সামনে নিয়ে আসেন এবং আশ্বাস দেন— “কেউ কিছু করবে না, আমি আছি।” যদিও সবাই জানে, এমন প্রতিশ্রুতি কতটা ‘নিরাপদ’!
এই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। অনেকেই বলছেন, এটাই বৈভবের আসল সৌন্দর্য— মাঠে সে ভয়ঙ্কর প্রতিপক্ষ, কিন্তু মাঠের বাইরে এখনও সে ১৫ বছরের এক সরল কিশোর। কখনও বাসের আলো নিয়ে খেলতে দেখা যায়, কখনও আবার কেক কাটার মতো ছোট বিষয়েও ভয় পায়।
তবে ব্যাট হাতে তার পারফরম্যান্স একেবারেই বড়দের মতো। চলতি আইপিএলে মাত্র ৯ ম্যাচে ৪০০ রান করে ফেলেছে বৈভব। গড় ৪৪.৪৪ এবং অবিশ্বাস্য ২৩৮.০৯ স্ট্রাইক রেট— সঙ্গে রয়েছে একটি শতরান ও দু’টি অর্ধশতরান। এই পারফরম্যান্সেই কমলা টুপির দৌড়েও এগিয়ে রয়েছে সে।
রাজস্থান রয়্যালসের প্লে-অফের আশা অনেকটাই নির্ভর করছে এই কিশোর প্রতিভার উপর। তবে যতই সে রান করুক, এই সরল, মাটির কাছাকাছি থাকা স্বভাবটাই তাকে আলাদা করে দিচ্ছে— আর সেটাই হয়তো তাকে আরও বড় তারকা বানাবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?