অভিষেক-বৈভব ব্যর্থতায় হতাশ সমর্থকরা
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নজর ছিল দুই তরুণ ব্যাটারের দিকে— অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। কিন্তু প্রত্যাশার ঠিক উল্টো ছবি দেখা গেল মাঠে। হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে দু’জনেই প্রথম বলেই আউট হয়ে ফেরেন, উপহার দেন হতাশাজনক ‘গোল্ডেন ডাক’।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় দল। প্রথম বলেই আউট হন অভিষেক। বল করেছিলেন জফ্রা আর্চার। অফস্টাম্পের বাইরে একটি বাউন্সার দেন তিনি। সেই বলেই এগিয়ে এসে আক্রমণাত্মক শট খেলতে যান অভিষেক। কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় বল উঠে যায় থার্ডম্যান অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে থাকা রবি বিশ্নোই সহজ ক্যাচটি লুফে নেন।
অভিষেকের এই আউট যেন পুরনো সমস্যাকেই আবার সামনে এনে দিল— প্রথম বল থেকেই বড় শট খেলার প্রবণতা। আগেও এই ভুলে উইকেট হারিয়েছেন তিনি, আর এ দিনও তার ব্যতিক্রম হল না।
অন্য প্রান্তে একই রকম পরিণতি অপেক্ষা করছিল বৈভবের জন্যও। হায়দরাবাদের নতুন বোলার প্রফুল হিঙ্গে তাঁর শরীর লক্ষ্য করে একটি বল করেন। বল ঠিকমতো না দেখে পুল মারতে যান বৈভব। ফল— ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। উইকেটকিপার সলিল অরোর এগিয়ে এসে অনায়াসে ক্যাচটি ধরে নেন।
এই দুই উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে বৈভবের আউটের পর হায়দরাবাদ শিবিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। দলের কর্ণধার কাব্য মারান-এর প্রতিক্রিয়াও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বৈভবের শট ওঠার সঙ্গে সঙ্গেই তিনি উত্তেজনায় উঠে দাঁড়ান এবং ক্যাচ নেওয়া মাত্রই আনন্দে লাফিয়ে ওঠেন।
সব মিলিয়ে, এই ম্যাচে দুই প্রতিভাবান ব্যাটারের ব্যর্থতা আবার মনে করিয়ে দিল— টি-টোয়েন্টি ফরম্যাটে আক্রমণাত্মক মনোভাব জরুরি হলেও, প্রথম বল থেকেই ঝুঁকি নেওয়া সব সময় সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। সমর্থকদের আশা, পরের ম্যাচে এই ভুল শুধরে আরও পরিণত ইনিংস খেলবেন তাঁরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?