চলন্ত বাসেই আতঙ্ক! মায়ের সামনেই মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি, পকসোয় মামলা বেহালায়

চলন্ত বাসেই আতঙ্ক!! মাধ্যমিক পরীক্ষার চাপ, তার মধ্যেই এমন ভয়ংকর অভিজ্ঞতা— কেঁপে উঠেছে শহর। কলকাতার বেহালায় চলন্ত বাসের ভিতর এক ১৬ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, মায়ের…

February 6, 2026
0 min read

চলন্ত বাসেই আতঙ্ক!!

মাধ্যমিক পরীক্ষার চাপ, তার মধ্যেই এমন ভয়ংকর অভিজ্ঞতা— কেঁপে উঠেছে শহর। কলকাতার বেহালায় চলন্ত বাসের ভিতর এক ১৬ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, মায়ের সামনেই এক বৃদ্ধ বারবার অশালীন ভাবে নাবালিকাকে স্পর্শ করেন। ঘটনার পর কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ ওই কিশোরী তাঁর মায়ের সঙ্গে গোপালনগর এলাকা থেকে বিদ্যাসাগর এসজি হাসপাতালের দিকে বাসে যাচ্ছিল। মাধ্যমিক পরীক্ষা চলায় মানসিক চাপ এমনিতেই ছিল। সেই সময়েই বাসের ভিতর ৬৬ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগপত্রে কিশোরীর মা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তাঁর মেয়ের পিঠে বারবার চাপ দিচ্ছিলেন।

চলন্ত বাসেই প্রথমে প্রতিবাদ করেন কিশোরীর মা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও মেয়ের মানসিক অবস্থার কথা ভেবে পরে তিনি পুলিশের দ্বারস্থ হন। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করেছে। নাবালিকার নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রকৃত ছবি প্রকাশে আইনি বাধা থাকায় প্রতিনিধিত্বমূলক চিত্র ব্যবহার করা হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত বৃদ্ধ বেহালার সত্যেন রায় রোড এলাকার বাসিন্দা। ইতিমধ্যে নির্যাতিতা কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। কিশোরীর মা স্পষ্ট ভাবে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। মাধ্যমিক পরীক্ষার সময় বহু পরীক্ষার্থীই একা বা পরিবারের সঙ্গে বাসে, ট্রামে বা ট্রেনে যাতায়াত করে। প্রকাশ্য দিবালোকে, তাও আবার মায়ের সামনে এমন ঘটনার অভিযোগ উঠে আসায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক অভিভাবকের বক্তব্য, পরীক্ষার সময় নাবালিকাদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।

শুক্রবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ওই কিশোরী এ দিন মায়ের সঙ্গেই যাতায়াত করছিল। কিন্তু সব পরীক্ষার্থী তো সব সময় অভিভাবককে সঙ্গে পান না। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে— পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসনের কাছেও দাবি উঠেছে, গণপরিবহণে নজরদারি বাড়ানো ও দ্রুত অভিযোগ জানানোর ব্যবস্থা আরও কার্যকর করা হোক। কারণ, পরীক্ষার মরশুমে আতঙ্ক নয়— নিরাপত্তাই হওয়া উচিত পড়ুয়াদের একমাত্র ভরসা।

প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics
Bus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *