মাইকের বাইরে নতুন স্বপ্ন: প্লেব্যাক ছেড়ে পরিচালকের চেয়ারে অরিজিৎ—নায়িকা নওয়াজ়ের কন্যা শোরা?

প্লেব্যাক ছেড়ে পরিচালকের চেয়ারে অরিজিৎ! হঠাৎ করেই যেন থমকে গেল এক যুগের বেশি সময় ধরে চলা সংগীতযাত্রা। দেশের কোটি কোটি শ্রোতাকে চমকে দিয়ে অরিজিৎ সিংহ জানিয়ে দিলেন— আর কোনও ছবিতে…

January 30, 2026
1 min read

প্লেব্যাক ছেড়ে পরিচালকের চেয়ারে অরিজিৎ!

হঠাৎ করেই যেন থমকে গেল এক যুগের বেশি সময় ধরে চলা সংগীতযাত্রা। দেশের কোটি কোটি শ্রোতাকে চমকে দিয়ে অরিজিৎ সিংহ জানিয়ে দিলেন— আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সামাজিক মাধ্যমে এই ঘোষণাই করে ফেললেন তিনি। স্বাভাবিক ভাবেই মন ভেঙেছে ভক্তদের। যাঁর কণ্ঠে প্রেম, বেদনা, অপেক্ষা আর নস্টালজিয়া— সেই গলাটাই কি আর বড়পর্দায় শোনা যাবে না?

নিজের পোস্টে অরিজিৎ লেখেন, এত বছর ধরে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে সঙ্গীত থেকে সরে যাওয়ার কথা নয়— শুধু প্লেব্যাক গায়ক হিসেবে আর কাজ করবেন না। সামনে থাকা কিছু প্রতিশ্রুতি পূরণ করবেন, তাই এ বছর তাঁর গাওয়া কয়েকটি গান মুক্তি পেতেও পারে। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা। তাঁর কথায়, “আমি ভাল সঙ্গীতের ভক্ত। একজন শিল্পী হিসেবে আরও শিখতে চাই, নিজে নিজে আরও কিছু করতে চাই।”

এই ঘোষণার পরই শুরু হয়েছে জল্পনা। কেন এই সিদ্ধান্ত? কেউ বলছেন গলার বিশ্রামের জন্য সাময়িক বিরতি, কেউ আবার মনে করছেন এর নেপথ্যে রয়েছে বড় কোনও সৃজনশীল পরিকল্পনা। সূত্রের খবর বলছে, এখন অরিজিতের প্রধান লক্ষ্য ছবি বানানো। ৩৮ বছর বয়সি এই শিল্পী নাকি একটি পূর্ণদৈর্ঘ্য ছবির পরিচালনার প্রস্তুতিতে ব্যস্ত।

আসলে পরিচালনা অরিজিতের কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ছবি ‘সা’-র পরিচালনা তিনি আগেই করেছেন, যার মুক্তি এখনও বাকি। সেই ছবির দ্বিতীয় ভাগও নাকি অনেক দিন আগেই তৈরি। হিন্দিতেও তিনি পরিচালনা করছেন ‘ভয়’ নামে একটি ছবি। এর মধ্যেই খবর, আরও একটি নতুন ছবির পরিকল্পনা চলছে, যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করছিলেন।

এই নতুন ছবিকে ঘিরে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে নায়িকা নির্বাচন নিয়ে। শোনা যাচ্ছে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দীকীর কন্যা শোরা সিদ্দীকীকে। বর্তমানে ১৫ বছর বয়সি শোরা লন্ডনে অভিনয়ের কোর্স করছেন। অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন বলে দাবি। গল্পের কেন্দ্রে থাকবে একটি জঙ্গল, আর ছবিটি নাকি একাধিক ভাষায় দেশজুড়ে মুক্তি পাবে।

প্রযোজনায় থাকতে পারে মহাবীর জৈন ফিল্মস, আলকিদুতি ফিল্মস ও গড ব্লেস এন্টারটেইনমেন্ট। যদিও শুটিং শুরু হয়েছে কি না, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। তাই সবটাই আপাতত জল্পনার স্তরেই।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে এসে ‘তুম হি হো’ দিয়ে যিনি গোটা দেশের সুর বদলে দিয়েছিলেন, সেই অরিজিৎ আজ নতুন পথের সন্ধানে। প্লেব্যাক থেকে সরে গেলেও সৃষ্টির সঙ্গে তাঁর সম্পর্ক যে অটুট, তা স্পষ্ট। মাইকের বাইরে দাঁড়িয়ে এবার তিনি গল্প বলতে চান— সুরে নয়, ছবির ভাষায়।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *