স্মার্ট ফ্রিজের নতুন সঙ্গী: পিউরিফায়ারেই টাটকা থাকবে খাবার, কমবে অপচয়

স্মার্ট ফ্রিজের নতুন সঙ্গী! এক সময় প্রতিদিনই টাটকা বাজার আসত ঘরে। সকালে বাজার, দুপুরে সেই শাকসব্জি বা মাছ-মাংস দিয়েই রান্না— ফ্রিজ থাকলেও তার ব্যবহার ছিল সীমিত। কিন্তু আজকের ব্যস্ত জীবনে…

January 29, 2026
1 min read

স্মার্ট ফ্রিজের নতুন সঙ্গী!

এক সময় প্রতিদিনই টাটকা বাজার আসত ঘরে। সকালে বাজার, দুপুরে সেই শাকসব্জি বা মাছ-মাংস দিয়েই রান্না— ফ্রিজ থাকলেও তার ব্যবহার ছিল সীমিত। কিন্তু আজকের ব্যস্ত জীবনে ছবি পুরোপুরি বদলে গিয়েছে। সপ্তাহান্তে একসঙ্গে বাজার করা এখন প্রায় অভ্যাস। রবিবারের ধনেপাতা দিয়ে শনিবার রাতের তরকারিও বানাতে হয়। আর সেখানেই শুরু সমস্যা।

যত টাটকা ফল বা সব্জিই কেনা হোক না কেন, দু’-তিন দিনের মধ্যেই ধনেপাতা শুকিয়ে যায়, টম্যাটো নরম হয়ে পড়ে, শাকসব্জি হয়ে ওঠে নিষ্প্রাণ। শেষমেশ অনেকটাই ফেলতে হয়। টাকার অপচয় তো হয়ই, তার উপর ফ্রিজ খুললেই যে কটু গন্ধ নাকে আসে, তা আলাদা যন্ত্রণা। এই চেনা সমস্যারই সহজ সমাধান নিয়ে বাজারে এসেছে এক নতুন স্মার্ট গ্যাজেট— ফ্রিজ পিউরিফায়ার।

খাবারের অপচয় কমাতে এবং ফ্রিজের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এই ডিভাইসটি বেশ কার্যকর। ফ্রিজ পিউরিফায়ারের সাহায্যে ফল, সব্জি ও অন্যান্য খাবার অনেক দিন পর্যন্ত টাটকা থাকে। একই সঙ্গে দূর হয় দুর্গন্ধের সমস্যাও। ফলে ফ্রিজ শুধু ঠান্ডা রাখার যন্ত্র নয়, হয়ে ওঠে আরও বুদ্ধিমান।

এই ডিভাইসের ভিতরে রয়েছে নীল এলইডি আলো-সহ আধুনিক ফোটোক্যাটালিটিক প্রযুক্তি। এই প্রযুক্তি খাবার থেকে নির্গত ক্ষতিকর গ্যাস ও জীবাণু ভেঙে দেয়, যার ফলে খাবার দ্রুত নষ্ট হয় না। শুধু টাটকা রাখাই নয়, খাবারের পুষ্টিগুণ বজায় রাখতেও সাহায্য করে এই প্রযুক্তি। এর সঙ্গে থাকা স্মার্ট সিরামিক ফিল্টার ব্যাক্টেরিয়াকে নিষ্ক্রিয় করে এবং ফ্রিজের ভেতরের বাতাসকে পরিষ্কার রাখে।

ব্যবহারও ভীষণ সহজ। এক বার ব্যাটারি চার্জ করে নিলেই ফ্রিজের যে কোনও কোণে রেখে দেওয়া যায় পিউরিফায়ারটি। কোনও তারের ঝামেলা নেই। রিচার্জেবল ব্যাটারিতে চলে এই ডিভাইস। সবচেয়ে ভালো দিক হল, এর ফিল্টার ধোয়া যায়। মাসে এক বার সাধারণ জলের নীচে ধুয়ে নিলেই আবার ব্যবহারযোগ্য হয়ে ওঠে। তাই বার বার অতিরিক্ত খরচের চিন্তাও নেই।

বর্তমানে বাজারে একাধিক সংস্থা এই ফ্রিজ পিউরিফায়ার এনেছে। কিছু উন্নত মডেলে রয়েছে মোবাইল অ্যাপের সুবিধাও। অ্যাপের মাধ্যমে জানা যায় কখন ব্যাটারি চার্জ দিতে হবে বা কখন ফিল্টার পরিষ্কার করার সময় হয়েছে— সব নোটিফিকেশন এসে যাবে ফোনেই।

দামের কথা বললে, সাধারণত ৬ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে এই স্মার্ট ডিভাইস পাওয়া যায়। এক বার কিনলে দীর্ঘদিনের জন্য খাবারের অপচয় কমানো এবং ফ্রিজকে দুর্গন্ধমুক্ত রাখার ঝামেলা অনেকটাই কমে যাবে— সেটাই এখন সবচেয়ে বড় সুবিধা।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *