ইন্দোনেশিয়া ওপেনে দাপট ভারতীয়দের, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু, শেষ আটে লক্ষ্য সেনও

ইন্দোনেশিয়া ওপেনে দাপট ভারতীয়দের! ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে দুর্দান্ত ছন্দে রয়েছেন পিভি সিন্ধু। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে শুধু নিজের দাপটই দেখালেন না, গড়লেন এক অনন্য নজিরও। সিন্ধুর সঙ্গে শেষ আটে জায়গা…

January 23, 2026
1 min read

ইন্দোনেশিয়া ওপেনে দাপট ভারতীয়দের!

ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে দুর্দান্ত ছন্দে রয়েছেন পিভি সিন্ধু। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে শুধু নিজের দাপটই দেখালেন না, গড়লেন এক অনন্য নজিরও। সিন্ধুর সঙ্গে শেষ আটে জায়গা করে নিয়েছেন ভারতের আর এক তারকা শাটলার লক্ষ্য সেন।

ডেনমার্কের লিনে জ়ায়েরফেল্ডের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন সিন্ধু। মাত্র ৪৩ মিনিটের লড়াইয়ে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৮ ব্যবধানে জয় পান তিনি। এই নিয়ে দু’জনের মধ্যে মোট ছ’বার সাক্ষাতে পাঁচ বারই জিতলেন সিন্ধু। আগের ম্যাচে জাপানের মানামি সুইজ়ুকে হারাতে তাঁকে যথেষ্ট পরিশ্রম করতে হলেও, এ দিনের ম্যাচে অনেকটাই স্বচ্ছন্দ দেখিয়েছে ভারতীয় তারকাকে।

এই জয়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারে নিজের ৫০০তম ম্যাচ জয়ের মাইলফলক ছুঁলেন সিন্ধু। বিশ্বের ষষ্ঠ মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ভারতের প্রথম মহিলা শাটলার হিসেবে এই নজির গড়লেন তিনি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ৭৩২টি ম্যাচ খেলেছেন সিন্ধু, যার মধ্যে জিতেছেন ৫০০টিতে। অর্থাৎ তাঁর জয়ের হার ৬৮.৩ শতাংশ—যা তাঁর ধারাবাহিকতারই প্রমাণ। দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধুর সামনে কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জ, কারণ তাঁর পরবর্তী প্রতিপক্ষ বিশ্বের চার নম্বর খেলোয়াড়, চিনের চেন ইউ ফেই।

সিন্ধুর পাশাপাশি লক্ষ্য সেনও এ দিন নিজের ম্যাচে একেবারেই দাপট দেখিয়েছেন। হংকংয়ের জেসন গুনাওয়ানের বিরুদ্ধে মাত্র ৩৩ মিনিটে স্ট্রেট গেমে ২১-১০, ২১-১১ ব্যবধানে সহজ জয় তুলে নেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে তাঁর মুখোমুখি হবেন থাইল্যান্ডের পানিতচাফন তিরারাতসাকুল।

ইন্দোনেশিয়া ওপেনে ভারতীয় শাটলারদের এই পারফরম্যান্স আবারও প্রমাণ করছে, বড় মঞ্চে চাপ সামলে নিজেদের সেরা খেলাটা তুলে ধরতে তাঁরা কতটা প্রস্তুত। এখন দেখার, কোয়ার্টার ফাইনালে এই ছন্দ কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন সিন্ধু ও লক্ষ্য।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *