পেট ভাল রাখবে, রোগ প্রতিরোধও বাড়াবে এই ঘরোয়া পানীয়!
সকালের শুরুটা অনেকেরই এক কাপ চা বা কফিতে। দিনভর কাজের চাপে কখন কী খাচ্ছেন, খেয়ালই থাকে না। পেট ভরছে ঠিকই, কিন্তু শরীর কি পাচ্ছে প্রয়োজনীয় পুষ্টি? চিকিৎসকেরা বলছেন, এই অভ্যাসই ধীরে ধীরে ক্লান্তি, হজমের সমস্যা আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে খাবারে ফাইবারের ঘাটতি হলে পেটের স্বাস্থ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
এই সমস্যার সহজ কিন্তু কার্যকর এক সমাধানের কথা বলছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক পালানিয়াপ্পন মানিক্কম। ক্যালিফোর্নিয়ায় কর্মরত এই চিকিৎসক দীর্ঘদিন ধরে পেটের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছেন। সমাজমাধ্যমে তিনি প্রায়ই এমন কিছু সহজ রেসিপি শেয়ার করেন, যেগুলি দৈনন্দিন জীবনে সহজে মানা যায়। তাঁর পরামর্শে এমনই একটি পানীয় রয়েছে, যা দুধের থেকেও অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর।
চিকিৎসকের দাবি, টানা পাঁচ দিন এই পানীয় খেলে শরীরের মধ্যে বদল টের পাওয়া যায়—ক্লান্তি কমে, পেট পরিষ্কার থাকে, আর সারাদিন একটা চনমনে ভাব কাজ করে। কোনও জাদু নয়, পুরো বিষয়টাই পুষ্টির হিসেব। এই পানীয় তৈরি হয় চিয়া বীজ, কুমড়োর বীজ, কাঠবাদাম ও সূর্যমুখীর বীজের মিশ্রণে।
কেন এই পানীয় এত উপকারী?
প্রথমত, এতে রয়েছে জলে দ্রবণীয় ফাইবার। এই ফাইবার জল শুষে জেলির মতো হয়ে যায়, যা মলত্যাগ সহজ করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য, অম্বল বা গ্যাসের সমস্যাও কমে।
দ্বিতীয়ত, এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হজম প্রক্রিয়াকে একটু ধীর করে। ফলে শক্তি একবারে শেষ হয়ে যায় না, ধীরে ধীরে নিঃসৃত হয়। এর ফলে সারাদিন এনার্জি থাকে এবং হঠাৎ ক্ষুধা বা দুর্বলতা কম লাগে।
তৃতীয়ত, এই পানীয় অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। পেটের ভিতরের এই ‘ভাল ব্যাক্টেরিয়া’ ঠিক থাকলেই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।
উপকরণগুলির পুষ্টিগুণ কী?
- চিয়া বীজ: জলে দ্রবণীয় ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস।
- কাঠবাদাম: ফাইবার, উদ্ভিজ্জ প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ।
- কুমড়োর বীজ: ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও ফাইবারে ভরপুর।
- সূর্যমুখীর বীজ: স্বাস্থ্যকর ফ্যাট ও বি-ভিটামিন দেয়।
জলে ভিজিয়ে রাখার ফলে এই উপাদানগুলি নরম হয়ে যায়, ফলে শরীর সহজেই পুষ্টিগুণ শোষণ করতে পারে।
কী ভাবে বানাবেন এই পানীয়?
১. এক গ্লাস জলে ১ টেবিল চামচ চিয়া বীজ, ৫–৬টি কাঠবাদাম, ১ টেবিল চামচ কুমড়োর বীজ ও ১ টেবিল চামচ সূর্যমুখীর বীজ রাতভর ভিজিয়ে রাখুন।
২. পরদিন সকালে মিক্সারে সব উপকরণ ব্লেন্ড করুন। চাইলে ঘরে বানানো কাঠবাদামের দুধ যোগ করতে পারেন।
৩. হালকা মিষ্টি স্বাদের জন্য অল্প মধু, খেজুর বা আধা কলা মেশানো যেতে পারে।
৪. এই ঘন মিশ্রণটি পানীয়ের মতো সকালে খেয়ে নিন।
নিয়মিত খেলে পেট পরিষ্কার থাকবে, শরীর ঝরঝরে লাগবে এবং প্রয়োজনীয় অনেক ভিটামিন ও খনিজ এক গ্লাসেই পাওয়া যাবে। দুধের বদলে বা দুধের সঙ্গে পাল্লা দিয়ে এই পানীয় আপনার সকালের সঙ্গী হতে পারে—সহজ, ঘরোয়া আর সত্যিই উপকারী।