সচেতন পর্যটকের দায়িত্ব
প্রকৃতি আজ নানা বিপর্যয়ের সাক্ষী। কখনও অতিবৃষ্টি, কখনও হড়পা বান, আবার কোথাও পাহাড় ধস। পর্যটনকেন্দ্রগুলির ভগ্নচিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে পরিবেশ রক্ষায় আমরা কতটা ব্যর্থ। অথচ, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করে ভ্রমণও সম্ভব—যেখানে আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে পরিবেশ ও স্থানীয় মানুষের কল্যাণ। এটাই হল সাসটেনবল ট্যুরিজ়ম বা টেকসই ভ্রমণ।
এই ধরনের ভ্রমণে লক্ষ্য থাকে—প্রকৃতিকে অক্ষত রাখা, স্থানীয় সংস্কৃতিকে সম্মান দেওয়া এবং অর্থনীতিকে সহায়তা করা। তাই একজন ভ্রমণপিপাসু হিসেবেও আপনার কিছু দায়িত্ব থেকে যায়। কীভাবে আপনি এই নতুন ধারার ভ্রমণের অংশ হতে পারেন, দেখে নিন কয়েকটি সহজ উপায়ে—
১. প্লাস্টিকের ব্যবহার কমান
বেড়াতে গেলে ব্যাগে রাখুন কাপড় বা জুটের ব্যাগ। পাতলা প্লাস্টিক নেওয়া এড়িয়ে নিজের ব্যাগেই কেনা জিনিস ভরে নিন। বোতল, চামচ, কাঁটা বা গ্লাস—যেখানে সম্ভব প্লাস্টিকের বিকল্প ব্যবহার করুন। এতে পরিবেশ দূষণ অনেকটাই কমবে।
২. নিজের জলের বোতল সঙ্গে রাখুন
অধিকাংশ পর্যটন এলাকায় বোতলবন্দি জলই পাওয়া যায়। খাওয়ার পরে সেই প্লাস্টিকের বোতল যেখানে-সেখানে পড়ে থেকে পরিবেশের ক্ষতি করে। ভ্রমণে গেলে নিজের একটি বোতল রাখুন এবং সম্ভব হলে স্থানীয় হোটেল বা রিসর্ট থেকে তা ভরে নিন।
৩. বিদ্যুৎ ও জলের সাশ্রয় করুন
অনেক সময় ভ্রমণে গিয়ে আমরা ভাবি, হোটেলের বিল তো দিচ্ছি, তাই ইচ্ছেমতো আলো জ্বালিয়ে রাখা বা গিজ়ার সারাদিন চালিয়ে রাখা কোনও সমস্যা নয়। কিন্তু এর ফলেই বাড়ছে জ্বালানি খরচ, ছড়াচ্ছে দূষণ। তাই সচেতন হয়ে জল ও বিদ্যুৎ ব্যবহার করলে পরিবেশ রক্ষায় তা বড় পদক্ষেপ হতে পারে।
৪. জঙ্গলের নিয়ম মেনে চলুন
অরণ্যে সফরে গেলে নিয়ম মানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফারির সময় চিৎকার-চেঁচামেচি, ধূমপান বা মদ্যপান বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। শুধু প্রাণীদের নয়, গোটা বাস্তুতন্ত্রের জন্যই তা বিপজ্জনক। তাই জঙ্গলের নিজস্ব নিয়ম মেনে চলাই প্রকৃত ভ্রমণকারীর দায়িত্ব।
৫. স্থানীয় অর্থনীতিকে সমর্থন করুন
ভ্রমণকালে স্থানীয় শিল্পী বা কারিগরদের তৈরি সামগ্রী কিনুন। স্থানীয় খাবার খান, তাঁদের সেবার প্রতি আস্থা রাখুন। এতে একদিকে যেমন তাঁদের অর্থনৈতিক উন্নতি হবে, অন্যদিকে আপনি তাঁদের সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।
৬. সংস্কৃতির প্রতি সম্মান দেখান
নতুন জায়গায় গেলে সেখানে প্রচলিত রীতিনীতি, উৎসব বা সংস্কৃতিকে সম্মান দিন। স্থানীয়দের জীবনযাত্রাকে বুঝতে ও শ্রদ্ধা করতে পারলেই ভ্রমণ হবে সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ।
পর্যটন কেবল ঘুরে বেড়ানো নয়, বরং প্রকৃতিকে অনুভব করা। তাই ভ্রমণপিপাসু হিসাবে আমাদের দায়িত্ব পরিবেশকে যত্ন করা এবং স্থানীয় মানুষকে সহযোগিতা করা। পরিবেশ বাঁচলে তবেই ভ্রমণ দীর্ঘস্থায়ী আনন্দ এনে দিতে পারে। এক কথায়, সচেতন ভ্রমণই প্রকৃত ভ্রমণ।
C
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ