শুরু হল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার
সোমবার থেকে শুরু হল এ বছরের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। নতুন নিয়মে দু’টি পর্বে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই অনেকটা দুশ্চিন্তায় পড়েছে পড়ুয়ারা। বিশেষ করে ওএমআর শিটে উত্তর দিতে হবে—এই ভাবনাই পরীক্ষার্থীদের মনে বাড়তি চাপ তৈরি করেছে। অভিভাবকরাও একই কারণে চিন্তিত।
শহরের এক স্কুলের বাইরে সোমবার সকালে দেখা গেল, পরীক্ষার শেষ মুহূর্তে বই হাতে নিয়ে দ্রুত চোখ বুলিয়ে নিচ্ছে পড়ুয়ারা। উত্তেজনা ও উদ্বেগ মিশে আছে সবার মধ্যে।
দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী স্নেহা সামন্তের কথাতেই ধরা পড়ল সেই আতঙ্ক। তিনি বলেন, “আগে বছরে একবার পরীক্ষা হত, অনেক সহজ লাগত। এ বছর মাত্র ৩৫ নম্বরের জন্যও প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। চাপ বেড়েছে।”
অভিভাবকরাও একই সুরে অভিযোগ তুলেছেন। পরীক্ষার্থীর মা জয়শ্রী পাল বলেন, “ওএমআর শিটে পরীক্ষা খুব ভয়ের বিষয়। কোথাও ভুল করলে বা কেটে দিলে পরীক্ষা বাতিল হওয়ার ঝুঁকি আছে। প্রথম বারেই নিখুঁতভাবে লিখতে হবে, সংশোধনের সুযোগ নেই। এতটা চাপ পরীক্ষার্থীদের জন্য অস্বাস্থ্যকর।”
সল্টলেকের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়, সুকান্তনগর বিদ্যানিকেতন, লবণ হ্রদ বিদ্যাপীঠ, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল, বেগম রোকেয়া স্কুল সহ একাধিক প্রতিষ্ঠানের ছাত্রীরা সোমবার একত্রিত হয় ওই পরীক্ষাকেন্দ্রে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪১। নির্ধারিত সময়ের অনেক আগেই সবাই হলে ঢুকে গিয়েছে, যাতে কোনও ঝামেলা না হয়।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ বছর প্রশ্নপত্রের নিরাপত্তায় বিশেষ কড়াকড়ি করেছে। পরীক্ষার্থীদের স্পষ্টভাবে জানানো হয়েছে—পরীক্ষা হলে ক্যালকুলেটর ব্যবহার একেবারেই নিষিদ্ধ।
৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। তবে মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।
এইবারের পরীক্ষায় বসছে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় প্রায় ৭৯,৫৮২ জন বেশি। রাজ্যের ২৩টি জেলাতেই ছাত্রীদের সংখ্যা পরীক্ষায় অগ্রগণ্য। মোট ২,১০৬টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ৩৪২ জন।
সব মিলিয়ে, নতুন নিয়ম, ওএমআর শিটের জটিলতা এবং দ্বি-পর্বীয় কাঠামো—সবকিছু নিয়েই চাপ বাড়ছে পরীক্ষার্থীদের উপর। অভিভাবকরা চাইছেন, ভবিষ্যতে শিক্ষা সংসদ পরীক্ষার্থীদের মানসিক দিকটিও গুরুত্ব দিয়ে দেখুক। তবে আপাতত সবার চোখ একটাই লক্ষ্যে—প্রথম সেমেস্টার নির্বিঘ্নে শেষ করা।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ