রাতাশ্রীর মনের দরজা খুলে বললেন অভিনেত্রী
বাবা নেই বহু বছর, কিন্তু আজও বাবাকে চিঠি লিখে মন হালকা করেন অভিনেত্রী রাতাশ্রী দত্ত। ছোটবেলা থেকেই তিনি খুঁজেছেন বন্ধু, খুঁজেছেন সঙ্গ। জীবনে এসেছে কিছু মানুষ, কেউ থেকে গিয়েছেন স্মৃতিতে, কেউ মিলিয়ে গিয়েছেন দূরত্বে। সেইসব হারিয়ে যাওয়া গল্প, একাকিত্ব আর নিজের ভেতরের শক্তি খুঁজে পাওয়ার যাত্রা নিয়ে অকপট হলেন রাতাশ্রী।
সম্প্রতি নিজের ছবি হাউ আর ইউ ফিরোজ় প্রসঙ্গে কথা বলতে গিয়ে জীবনের ব্যক্তিগত অধ্যায়ও শেয়ার করলেন তিনি। ছবিতে তিনি প্রাণবন্ত একটি পারসি চরিত্রে অভিনয় করেছেন, যার ভেতরে রয়েছে নিঃসঙ্গতা। এই চরিত্রটি তাঁর নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে দেয়। রাতাশ্রীর কথায়, “ছোটবেলা থেকেই আমি বন্ধু খুঁজতাম। তখন বুঝতাম না, পরিচিত মানেই বন্ধু নয়। যখন সত্যিই পাশে কাউকে চেয়েছিলাম, তখন কেউ ছিল না। তখনই বুঝলাম, বন্ধুত্বের আসল মানে কী।”
শৈশবের কিছু বন্ধুর স্মৃতি এখনও তাঁর মনে অমলিন। দশম শ্রেণিতে পড়ার সময় এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয় স্কুল পাল্টে যাওয়ার কারণে। সেই বান্ধবীর লেখা একটি চিঠি ছিল একমাত্র যোগাযোগের স্মারক। “১৩ বছর সেই চিঠি আগলে রেখেছিলাম,” জানান রাতাশ্রী। একদিন অডিশনের সময় আকস্মিকভাবে জানতে পারেন, বান্ধবী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পুরনো সম্পর্ক ফের জুড়ে যায়।
বাবার সঙ্গে যোগাযোগও হয়েছিল চিঠির মাধ্যমেই। ছোটবেলায় বাবা দূরে থাকতেন, ফোন ধরতে দিতেন না মা। তাই পাতার পর পাতা চিঠি লিখে রাখতেন ছোট্ট রাতাশ্রী। ছ’মাস পর বাবা এলে সেই চিঠি দিতেন হাতে। “এখন বাবা নেই, কিন্তু বাবাকে চিঠি লেখা এখনও থামেনি,” বলেন তিনি।
বন্ধুত্বের ক্ষেত্রে রাতাশ্রী স্বীকার করেন, হয়তো তিনি নিজেই মেলামেশায় একটু পিছিয়ে ছিলেন। কয়েক বছর আগে একাকিত্ব তাঁকে পেয়ে বসেছিল। কিন্তু গত এক বছরে নিজের মধ্যেই খুঁজে পেয়েছেন সবচেয়ে ভালো বন্ধু। রাতাশ্রী বলেন, “এখন নিজের সঙ্গেই এত ভালো সম্পর্ক তৈরি হয়েছে যে একা লাগে না।”
তিনি জানান, জীবনে পুরুষ বন্ধুদের কাছ থেকে বেশি সমর্থন পেয়েছেন, মহিলা বন্ধু রয়েছেন মাত্র দু’জন। তবে ভৌগোলিক দূরত্বে সঙ্গ হারিয়ে গেছে। প্রেমের ক্ষেত্রেও বন্ধুত্বকে তিনি সম্পর্কের মূল মাপকাঠি হিসেবে দেখেন।
চিক ফ্লিক, রাজা রানি রোমিয়ো, তুখোর, অচেনা উত্তম, ডু নট ডিস্টার্ব– এই ছবিগুলিতে অভিনয় করেছেন রাতাশ্রী। ক্যারিয়ারের উজ্জ্বল দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবনের চিঠি-গাথা ও নিঃসঙ্গতার গল্পও যেন তাঁকে করেছে আরও গভীর, আরও মানবিক।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ