কঙ্গনার জীবনে নতুন মোড়!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং মান্ডি কেন্দ্রের সাংসদ কঙ্গনা রনৌত আবারও শিরোনামে। রাজনীতিতে আসার পর থেকেই তিনি নানা বিতর্কে জড়িয়েছেন, তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ। বছর ঘুরতেই নাকি কঙ্গনার রাজনীতি নিয়ে উৎসাহ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। নিজেই স্বীকার করেছিলেন, রাজনীতিতে এত পরিশ্রম করতে হয় তা তিনি ভাবেননি। সাধারণ মানুষের নানা অভিযোগ, নালা পরিষ্কার থেকে রাস্তা মেরামতের দাবি—সব কিছুই তাঁর কাঁধে এসে পড়ছে। এতে বিরক্তি প্রকাশও করেছিলেন তিনি। বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হলেও এই জীবন তাঁকে সন্তুষ্ট করতে পারেনি বলে গুঞ্জন।
অভিনয়ের দুনিয়ায় বহু বছর ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলকে মুগ্ধ করেছেন কঙ্গনা। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’-র মতো ছবিতে তাঁর অসাধারণ অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার এবং প্রশংসা। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর বেশ কিছু ছবি বক্স অফিসে সাফল্য পায়নি, তবুও তাঁর জনপ্রিয়তা অটুট। এবার নাকি কঙ্গনা ফের অভিনয়ে মন দিচ্ছেন। খবর, তিনি নিজেরই ব্লকবাস্টার ছবিগুলির সিকুয়েল নিয়ে ফিরছেন বড় পর্দায়।
আগামী নভেম্বরেই শুরু হতে চলেছে ‘কুইন ২’-এর শুটিং। জানা গিয়েছে, ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই প্রস্তুত এবং লন্ডনে চলছে লোকেশন রেকি। প্রথম ছবিটির মতো এবারও ভারত ও লন্ডন মিলিয়ে হবে শুটিং। পাশাপাশি, ‘তনু ওয়েডস মনু’-র তৃতীয় অংশ নিয়েও প্রস্তুতি নিচ্ছেন তিনি। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর সাফল্যের পর এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে। খবর, ২০২৬ সালেই শুটিং শুরু হবে এবং কঙ্গনার বিপরীতে আবারও থাকবেন আর মাধবন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
২০২৪ সালে বিজেপির প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা। তখন তিনি রাজনীতিতে নতুন দমে ঝাঁপিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই বুঝতে পারেন, রাজনীতি তাঁর কল্পনার মতো সহজ নয়। অভিনেত্রী ভেবেছিলেন, রাজনৈতিক জীবন তুলনামূলক আরামদায়ক হবে, কিন্তু জনসেবার বাস্তবতা তাঁকে ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে। সংসদ সদস্য হিসেবে কাজের চাপ এবং রাজনীতির জটিলতা নিয়ে প্রকাশ্যে আক্ষেপও করেছিলেন তিনি। এমনকি, পদ্মশিবিরের অন্দরমহলেও তাঁর মন্তব্যে নাকি অস্বস্তি ছড়িয়েছিল।
সব মিলিয়ে শোনা যাচ্ছে, অভিনয়ের দুনিয়ায় ফেরাই এখন কঙ্গনার প্রধান লক্ষ্য। বলিউডে তাঁর শক্ত অবস্থান এবং ফ্যানবেস এই প্রত্যাবর্তনকে আরও আকর্ষণীয় করে তুলছে। ভক্তরা ইতিমধ্যেই অপেক্ষা করছেন তাঁর নতুন সিনেমার ঘোষণার জন্য।
রাজনীতি কি তবে সাময়িক অধ্যায় হয়েই থেকে যাবে কঙ্গনার জীবনে? নাকি তিনি অভিনয় এবং রাজনীতি—দুই মঞ্চেই সমান তালে কাজ চালিয়ে যাবেন? এখনো স্পষ্ট উত্তর মেলেনি। তবে একটি বিষয় নিশ্চিত, কঙ্গনা রনৌতের জীবনে এই পরিবর্তন বলিউডে নতুন উত্তেজনা যোগ করতে চলেছে।
চিনের সঙ্গে সম্পর্কের উন্নয়নে দৃঢ় সংকল্প ভারত, এসসিও শীর্ষবৈঠকে নতুন কূটনৈতিক দিশা খুঁজছেন মোদী