আয়োজক বদলের সম্ভাবনা, অম্বানীর এফএসডিএল ফের দায়িত্বে আসতে পারে কল্যাণহীন ফেডারেশনে
ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে চলছিল দীর্ঘ টানাপড়েন ও অনিশ্চয়তা। তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির পর ছবিটা কিছুটা হলেও স্পষ্ট হলো। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে শুরু হতে পারে এবারের আইএসএল।
সুপ্রিম কোর্টে ফেডারেশন (এআইএফএফ) এবং আয়োজক সংস্থা এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড)-এর মধ্যে একটি মৌখিক সমঝোতা হয়েছে। সেখানে বলা হয়েছে, এফএসডিএল তাদের বকেয়া ১২ কোটি ৫০ লক্ষ টাকা শীঘ্রই মিটিয়ে দেবে এবং আয়োজকের স্বত্ব ফিরিয়ে দিতে রাজি হয়েছে। অর্থাৎ, এখন নতুন আয়োজক খোঁজার দায়ভার এআইএফএফ-এর ওপর।
ফেডারেশনের তরফে জানানো হয়েছে, অক্টোবরে নতুন টেন্ডার আহ্বান করা হবে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলি অংশ নিতে পারে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আয়োজক বাছাইয়ের প্রক্রিয়া শেষ করে নতুন সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর নতুন আয়োজকের অধীনে আইএসএল শুরু করার সময়সীমা রাখা হয়েছে ডিসেম্বর মাস।
তবে এই গোটা পরিস্থিতিতে একটি নতুন মোড় এসেছে। জানা গিয়েছে, এফএসডিএল এখনও চায় আইএসএল-এর দায়িত্ব তাদের কাছেই থাকুক। কিন্তু বর্তমান ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে তারা কাজ করতে রাজি নয়। তাদের মত, কল্যাণের অনুপস্থিতিতে যদি ফেডারেশনের নতুন নেতৃত্ব গঠিত হয়, তাহলে তারা ফের আইএসএল আয়োজনের বিষয়ে আগ্রহী হবে।
এই প্রেক্ষাপটে উঠে এসেছে প্রফুল্ল পটেল-এর নাম। একসময় ফেডারেশনের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। এফএসডিএলের কর্ণধার অম্বানী পরিবার-এর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। সূত্রের দাবি, পটেল আবার ফেডারেশনের রাশ হাতে নেওয়ার চেষ্টা করছেন। যদি তাঁর ঘনিষ্ঠরা আবার নেতৃত্বে আসেন, তাহলে এফএসডিএল নতুন চুক্তি করে আইএসএলের আয়োজক হিসাবে ফিরতে পারে।
এই অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইএসএল ক্লাবগুলি। ওড়িশা এফসি, চেন্নাইয়িন এফসি এবং বেঙ্গালুরু এফসি ইতিমধ্যেই কর্মী ও ফুটবলারদের বেতন স্থগিত রেখেছে। আয়োজক ও সূচি নিয়ে অনিশ্চয়তা দূর করতে না পারলে আরও ক্লাবের ক্ষেত্রেও পরিস্থিতি জটিল হতে পারে।
এদিকে, এফএসডিএল-এর সঙ্গে ফেডারেশনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৮ ডিসেম্বর। ফলে তার আগেই নতুন সিদ্ধান্তে পৌঁছানো জরুরি। বৃহস্পতিবারের শুনানিতে উভয় পক্ষের পক্ষ থেকেই সহমত প্রকাশ করা হয় এবং সুপ্রিম কোর্টে মৌখিকভাবে একটি যৌথ প্রস্তাবও জমা পড়ে।
এখন সমস্ত নজর আগামী সপ্তাহের রায়ের দিকে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ীই ঠিক হবে, কে হবে নতুন আয়োজক, আর কবে মাঠে ফিরবে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ আইএসএল। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এবার যেন মাঠে খেলা ফিরে আসে — সিদ্ধান্তের গোলপোস্টে নয়।
ছবিমুক্তির আগেই কোটির ঘরে নন্দিতা-শিবপ্রসাদ! টলিউডে বাজিমাত এই জুটির