জেন জ়ি বনাম মিলেনিয়াল
সময় বদলাচ্ছে দ্রুত। কিছু দিন আগেও দুনিয়ার আলোচনার কেন্দ্রে ছিল মিলেনিয়াল প্রজন্ম— ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নেওয়া মানুষরা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যাঁরা ধীরে ধীরে ডিজিটাল জগতে প্রবেশ করেছেন। কিন্তু এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জেন জ়ি, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া নতুন প্রজন্ম, যারা জন্ম থেকেই প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠেছে।
প্রজন্মগত এই দ্বন্দ্ব আসলে চিরন্তন। প্রত্যেক প্রজন্মের মানুষেরই একটি স্বভাবগত গর্ব থাকে— নিজেদের সময়ে সব কিছুই ছিল সেরা, আজকের প্রজন্ম নাকি তেমন কিছু বোঝে না। তবে সময় যে এগোবে, সমাজ যে পাল্টাবে, প্রযুক্তি যে বদল আনবে, তা অস্বীকার করা যায় না। আগের প্রজন্ম যেমন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল, তেমনই এখনকার প্রজন্মও তৈরি করছে নতুন পৃথিবীর ছবি।
মিলেনিয়ালরা বড় হয়েছে এক বিশেষ সময়ের সাক্ষী হয়ে। তারা দেখেছে ৯/১১-র ভয়াবহতা, মন্দার বাজারে চাকরির লড়াই, আর এক কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বিজয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তারাই প্রথম অরকুট থেকে ফেসবুক, সেখান থেকে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। ডেস্কটপ কম্পিউটার থেকে ল্যাপটপে যাত্রা, অফলাইন জীবন থেকে অনলাইন জগতে প্রবেশ— মিলেনিয়ালরা সব কিছুরই সাক্ষী। তাদের ছোটবেলার স্মৃতি ভরপুর ল্যান্ডলাইন ফোন, হাতের লেখা চিঠি আর টেলিভিশন দেখার অভ্যাসে, যা আজ কেবল নস্ট্যালজিয়া।
অন্যদিকে, জেন জ়ি জন্ম থেকেই প্রযুক্তিকে জীবনের অংশ হিসেবে পেয়েছে। স্মার্টফোন, ল্যাপটপ, ডিজিটাল ঘড়ি, সোশ্যাল মিডিয়া— এগুলো তাদের কাছে নতুন কিছু নয়, বরং স্বাভাবিক জীবনযাপনের অঙ্গ। তারা ডিজিটাল যুগে বেড়ে উঠেছে, ফলে দ্রুতগতির এই পৃথিবীতে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতাও আলাদা। অনেকেই এখন পড়াশোনা শেষ করে চাকরির দুনিয়ায় পা রাখছে, যেখানে তাদের মিলেনিয়ালদের অভিজ্ঞতার সঙ্গে মেলবন্ধন ঘটছে।
প্রজন্মের এই দ্বন্দ্ব হয়তো চিরকালই থাকবে। মিলেনিয়ালরা যেখানে প্রযুক্তির আগমন প্রত্যক্ষ করেছে, জেন জ়ি সেখানে প্রযুক্তিকে শ্বাস নেওয়ার মতো স্বাভাবিক বলে মনে করে। তবে এই ভিন্নতার মধ্যেই রয়েছে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ। বদলে যাওয়া এই পৃথিবীতে এক প্রজন্মের অভিজ্ঞতা আরেক প্রজন্মের প্রযুক্তি জ্ঞানকে পরিপূর্ণ করতে পারে— আর সেখানেই ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।