বিমানে সিট বাছাই নিয়ে সম্পর্ক ভাঙন!
মাত্র তিন মাসের সম্পর্ক, তার মধ্যেই প্রেমের শহর প্যারিস ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ব্রাজ়িলের সাও পলো শহরের বাসিন্দা ৩৯ বছর বয়সি মডেল জু আইসেন এবং তাঁর প্রেমিক। কিন্তু সেই স্বপ্নের সফরের আগেই শুরু হয়ে যায় মতের অমিল। কারণ— বিমানে বিজ়নেস ক্লাস না ইকোনমি ক্লাস!
জানাগেছে, বিলাসবহুল যাত্রা পছন্দ জুয়ের। তাই প্যারিসগামী বিমানের বিজ়নেস ক্লাসের টিকিট কেটে ফেলেন তিনি। অন্যদিকে, তাঁর প্রেমিক মনে করেন, যাতায়াতের জন্য অত খরচ অপ্রয়োজনীয়। তাই ইকোনমি ক্লাসের টিকিট কেটে ফেলেন এবং জুয়েকেও অনুরোধ করেন তাঁর সঙ্গে ইকোনমিতেই যাত্রা করতে। এখান থেকেই শুরু হয় টানাপড়েন।
টিকিটের এই পার্থক্য নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি গড়ায় তুমুল ঝগড়ায়। প্রেমিক বারবার বোঝানোর চেষ্টা করেন, অযথা বিলাসিতায় তিনি টাকা খরচ করবেন না। কিন্তু জু স্পষ্ট জানিয়ে দেন, নিজের আরাম-আয়েশ ছেড়ে ইকোনমি ক্লাসে যেতে রাজি নন। তাঁর দাবি, তিনি নিজের খরচেই টিকিট কিনেছেন। প্রেমিকের পয়সা খরচ করছেন না।
সংবাদমাধ্যমে জু জানিয়েছেন, ‘‘আমার প্রাক্তন প্রেমিকও অনেক সম্পন্ন ছিল। তবে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি। আমি বিশ্বাস করি না যে আর্থিক স্তরে ফারাক থাকলে সম্পর্কে থাকা উচিত নয়। কিন্তু এখানে আমার প্রেমিক আমাকে নিজের মতো থাকতে দিচ্ছে না। সে আমার স্বাধীনতা মানতে চাইছে না।’’
এমনকি, জু অভিযোগ করেন, ‘‘আমার পয়সায় যাচ্ছি, তাও ওর আপত্তি। আমার সফলতা দেখে সে হিংসা করছে।’’
ঝগড়া এতটাই চরমে পৌঁছায় যে, প্যারিস যাওয়ার ঠিক আগে প্রেমিক ফোন করে জানিয়ে দেন, সম্পর্ক তিনি আর রাখবেন না। সম্পর্ক ভেঙে দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। অন্যদিকে জুও নিজের সিদ্ধান্তে অটল। প্রেম ভাঙলেও, প্যারিস ভ্রমণ বাতিল করেননি।
জু বলেন, ‘‘আমি বার বার বলেছিলাম, প্যারিস ঘুরতে গিয়ে হয়তো ভুল বোঝাবুঝি মিটে যাবে। কিন্তু সে শুনল না। তাই শেষ পর্যন্ত একাই প্যারিস উড়ে গেলাম। এত কারণের পরেও প্রেমের শহর ঘুরে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’’
এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, শুধু সিট বাছাই নিয়ে সম্পর্ক ভেঙে যাওয়া ‘অতি তুচ্ছ কারণ’। তবে কেউ কেউ জুর স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। তাঁদের মতে, আরাম এবং পছন্দের জীবনশৈলীতে আপস না করাই সঠিক সিদ্ধান্ত।
প্যারিস ভ্রমণের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল জুর ইনস্টাগ্রামে। একাই প্রেমের শহরে ঘুরে বেড়ানোয় যে তিনি দুঃখিত নন, তা স্পষ্ট তাঁর হাসিমুখের ছবি থেকে।
ফুটবল বিশ্ব অপেক্ষায়, দেখার জন্য—মেসি কি এবারও আরও এক নতুন ইতিহাস গড়তে চলেছেন?
গুগ্ল ড্রাইভের জায়গা শেষ? টাকা না খরচ করেও ১৫ জিবির বাইরে স্টোরেজ বাঁচানোর ৫টি কার্যকরী উপায়