রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি!
রক্তে শর্করার মাত্রা বাড়া মানেই যেন মিষ্টি বা তেল-মসলা জাতীয় খাবারের প্রভাব—এমনটাই অনেকের ধারণা। কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদেরা জানাচ্ছেন, এমন অনেক অজানা কারণ আছে, যা খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত না হয়েও রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই কারণগুলোকে অবহেলা করলে দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র, কিডনি, স্নায়ু এবং চোখের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব ঘোড়ি জানিয়েছেন, কিছু দৈনন্দিন অভ্যাস ও শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়াই রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি ঘটাতে পারে। নিচে সেই কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল:
প্রথমত, ঘুমের ঘাটতি একটি বড় কারণ। ঘুম না হলে শরীরে ইনসুলিন নামক হরমোনের কার্যকারিতা ব্যাহত হয়। ইনসুলিন খাবারের শর্করাকে ভেঙে শক্তিতে পরিণত করে। কিন্তু যদি তা সঠিকভাবে কাজ না করে, তাহলে রক্তে অব্যবহৃত গ্লুকোজ জমে গিয়ে মাত্রা বাড়িয়ে দেয়।
দ্বিতীয়ত, শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন। জল কম খেলে রক্তে গ্লুকোজের ঘনত্ব বেড়ে যায়। শরীর নিজেকে রক্ষা করতে গিয়ে কিডনিকে বেশি গ্লুকোজ ছাঁকতে হয়, ফলে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
তৃতীয়ত, মানসিক চাপ বা অবসাদ। স্ট্রেস বা দুশ্চিন্তার ফলে কর্টিসল নামক হরমোন নিঃসরণ হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। কিছু সহজ পদ্ধতিতে—যেমন ১০ মিনিট হাঁটা বা ধীরে ধীরে শ্বাস নেওয়া—এটি সামলানো যেতে পারে।
চতুর্থ কারণ, খালিপেটে থাকা। অনেকক্ষণ না খেলে শরীর তার নিজস্ব গ্লাইকোজেন ভাঙতে শুরু করে, যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এই অবস্থা বিশেষত সকালের দিকে বেশি দেখা যায়।
পঞ্চমত, অসুস্থতা বা সংক্রমণ। যখন শরীর ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে, তখন স্ট্রেস হরমোন বাড়ে, যার সরাসরি প্রভাব পড়ে রক্তের গ্লুকোজ স্তরে।
ষষ্ঠ কারণটি মূলত হরমোনজনিত পরিবর্তন। মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, গর্ভাবস্থা বা ঋতুবন্ধের সময় হরমোনের ওঠানামা ঘটে। এই ওঠাপড়াই কখনও কখনও রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধির কারণ হতে পারে।
রাত জাগলেই বাড়ছে হাঁপানির ঝুঁকি! মহিলারা সবচেয়ে বিপন্ন, কারণ লুকিয়ে হরমোন আর উদ্বেগে