ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন!
আট বছর পর টেস্ট দলে ফিরেই ঘরোয়া ক্রিকেটে বড়সড় সিদ্ধান্ত নিলেন করুণ নায়ার। বিদর্ভের হয়ে দুরন্ত পারফরম্যান্সের পর তিনি জানিয়ে দিলেন— আরও খেলবেন না এই দলের হয়ে। একই পথে হাঁটছেন জাতীয় দলের গ্লাভস্ম্যান জিতেশ শর্মাও। দু’জনেই ফিরে যাচ্ছেন নিজেদের রাজ্যে, করুণ কর্নাটকে আর জিতেশ বডোদরায়। ফলে ঘরোয়া ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল বিদর্ভ কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল বলেই মনে করছেন অনেকে।
পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েই বিদায় করুণের
৩৩ বছরের করুণ নায়ার গত মরসুমে ছিলেন বিদর্ভের ব্যাটিং স্তম্ভ। রঞ্জি ট্রফিতে তাঁর রান সংখ্যা ৮৬৩, যা ছিল টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। বিজয় হজারে ট্রফিতে করেন ৭৭৯ রান, যেটা ছিল সর্বোচ্চ। তাঁর নেতৃত্বে বিদর্ভ পৌঁছেছিল বিজয় হজারে ফাইনালে।
কিন্তু এত কিছুর পরেও নিজের পরিবারের কাছাকাছি থাকতে চাওয়ার কারণেই কর্নাটকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন করুণ। কর্নাটক ক্রিকেট সংস্থাও বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মরসুমে তিনি কর্নাটকের হয়েই নামবেন মাঠে।
জিতেশ শর্মাও ফিরছেন বডোদরায়
অন্য দিকে, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নজর কাড়া পারফরম্যান্স করার পর জিতেশ শর্মাও ফিরে যাচ্ছেন নিজের রাজ্যে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের অধিনায়ক ছিলেন তিনি, যদিও বিজয় হজারে ও রঞ্জিতে তেমন সাফল্য পাননি। জিতেশের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
জানা গেছে, তিনি আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেটের সব ফর্ম্যাটেই অংশ নেবেন বডোদরার হয়ে।
বিদর্ভের সামনে চ্যালেঞ্জ
গত মরসুমে বিদর্ভ ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল। রঞ্জি ট্রফিতে তারা ছিল চ্যাম্পিয়ন। বিজয় হজারে ট্রফিতে উঠেছিল ফাইনালে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে। এমন সফল মৌসুমের পর দুই অভিজ্ঞ পারফর্মারের বিদায় বিদর্ভের ভারসাম্যে বড়সড় প্রভাব ফেলতে পারে।
তবে বিদর্ভ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে বা কারা এই অভিজ্ঞদের জায়গা পূরণ করবেন, তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট মহল।
বিমানের প্রতি ভয় বাড়ছে? দুর্ঘটনার পরে যাত্রীদের মনে ঘনীভূত ‘ফ্লাইট অ্যাংজাইটি’