প্রতীক সেনের ‘দাদামণি’ ধারাবাহিকে নায়িকা অনুষ্কা!
টেলিভিশনের পর্দায় নতুন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে জ়ি বাংলার ধারাবাহিক ‘দাদামণি’। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রতীক সেনকে। শক্তপোক্ত গড়ন, জল থেকে উঠে আসা দৃশ্যে ধরা দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। ধীরে ধীরে দর্শকের কৌতূহলের কেন্দ্রে চলে আসছেন এই ধারাবাহিকের নায়িকা অনুষ্কা চক্রবর্তীও। যদিও অনুষ্কাকে এখনও পর্দায় দেখা যায়নি, তবু তাঁর চরিত্র নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তুঙ্গে।
এই ধারাবাহিকে অনুষ্কা প্রথম বার নায়িকা চরিত্রে অভিনয় করতে চলেছেন। চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গিয়েছে, খুব শিগগিরই শুরু হচ্ছে ধারাবাহিকের শ্যুটিং। তবে অনুষ্কার নাম যখন উঠে আসে, তখন শুধু পর্দার গল্পে নয়, বাস্তব জীবনেও উঠে আসে এক চমকপ্রদ তথ্য—এই অভিনেত্রী আসলে টলিপাড়ারই আর এক জনপ্রিয় নায়কের প্রেমিকা!
অনুষ্কার ব্যক্তিগত জীবনে প্রেম একেবারেই গোপন কোনও বিষয় নয়। শহরের নানা প্রিমিয়ার, ফ্যাশন শো কিংবা পুরস্কার অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বহু বার। হাতে হাত রেখে, ক্যামেরার সামনে অনায়াসে হাসিমুখে ধরা দেন তাঁরা। অনুষ্কার প্রেমিক আর কেউ নন, টলিপাড়ার পরিচিত মুখ অনুভব কাঞ্জিলাল।
অনুভবের কেরিয়ার শুরু হয়েছিল রুপালি পর্দা দিয়ে। পরে টেলিভিশনেও তিনি নজর কাড়েন। অন্য দিকে অনুষ্কাও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন বাংলা বিনোদনের জগতে। তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে। প্রথম আলাপ হয় অনুষ্কার ছবি ‘হীরালাল’-এর প্রিমিয়ারে। সেখান থেকে শুরু হয় কথাবার্তা, ভাবনার আদানপ্রদান, আর শেষমেশ বন্ধুত্ব গড়ায় প্রেমে।
দু’জনের জীবনযাপনেও রয়েছে ভিন্নতা। অনুভবের জন্ম ও বড় হওয়া দিল্লিতে, অন্য দিকে অনুষ্কা খাঁটি কলকাতার মেয়ে। তবু এই ভৌগোলিক দূরত্ব কিংবা সাংস্কৃতিক পার্থক্য কোনও কিছুকেই বাধা হতে দেননি তাঁরা। বরং ধীরে ধীরে গড়ে উঠেছে এক পরিণত সম্পর্ক, যা এখন বহু মানুষের কাছেই অনুপ্রেরণা।
বর্তমানে অনুষ্কা যেমন এক নতুন চরিত্রে নিজেকে প্রস্তুত করছেন, তেমনি অনুভবও নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। তবে সময় পেলেই একে অপরের সঙ্গে সময় কাটাতে ভোলেন না। সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি দেখে অনুরাগীরাও দারুণ খুশি।
টলিউডের এই তরুণ জুটির প্রেম যেমন স্বচ্ছ, তেমনই বাস্তবের জটিলতা থেকে দূরে এক পরিণত ভালোবাসার গল্প। অনুষ্কার ‘দাদামণি’-র নায়িকা হয়ে ওঠার যাত্রা আর অনুভবের পাশে থেকে জীবনের পর্দার বাইরেও জুটি হয়ে থাকার কাহিনি নিঃসন্দেহে দর্শকের কাছে এক মিষ্টি আবেশ তৈরি করবে।
মুম্বইয়ের বৃষ্টিতে ভিজে দীপিকার প্রথম প্রেম: মুজ্জামিল ইব্রাহিমের উজাড় স্মৃতির কথা