যমজ নয়, ৩৬ জন সন্তানের মা প্রীতি জ়িন্টা!
বলিউডে লাস্যময় হাসি আর প্রাণবন্ত অভিনয়ের জন্য সুপরিচিত প্রীতি জ়িন্টা আজও বহু দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। কিন্তু গ্ল্যামার দুনিয়া থেকে কিছুটা দূরে সরে যাওয়া এই অভিনেত্রীর জীবনের এমন একটি অধ্যায় রয়েছে, যা শুধু বিস্মিত করে না, তাঁর প্রতি শ্রদ্ধাও বাড়িয়ে দেয় বহুগুণ। যাঁকে সবাই জানেন মাত্র যমজ দুই সন্তানের মা হিসেবে, বাস্তবে তিনিই যে ৩৬ জন সন্তানের অভিভাবক, তা জানলে অবাক হবেন যে কেউ। প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও প্রীতি শুধুমাত্র মা হিসেবে নন, এক সমাজসেবীর ভূমিকাতেও নিঃশব্দে রেখেছেন অনন্য ছাপ।
সম্প্রতি আইপিএলের ফাইনালে প্রীতির মালিকানাধীন দল পঞ্জাব কিংস পরাজিত হওয়ার পর তাঁর চোখের জল ভাইরাল হয় নেটমাধ্যমে। জীবনের একদম অন্য পর্বে থাকা প্রীতি এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। ২০১৬ সালে বিয়ে করেন মার্কিন আর্থিক বিশ্লেষক জেন গুডএনাফকে এবং ২০২১ সালে সারোগেসির মাধ্যমে মা হন যমজ সন্তানের। এখানেই থেমে নেই প্রীতির মাতৃত্বের কাহিনি। বহু বছর আগেই সমাজসেবার প্রতি দায়বদ্ধতা থেকে তিনি দত্তক নিয়েছিলেন ৩৪ জন কন্যাসন্তান।
প্রীতির ৩৪তম জন্মদিনে নিজের জীবনের বিশেষ দিনটিকে আরও অর্থবহ করে তুলতে তিনি দত্তক নিয়েছিলেন ঠিক ৩৪ জন মেয়ে শিশু। শুধু দত্তক নেওয়া নয়, তাঁদের শিক্ষা, পুষ্টি, জীবনযাত্রার সমস্ত খরচ নিজের কাঁধে নিয়েছেন তিনি। বছরে অন্তত দু’বার তাঁদের সঙ্গে সময় কাটানো যেন তাঁর কাছে এক আবেগঘন দায়িত্ব। এক সাক্ষাৎকারে প্রীতি বলেন, “এই মেয়েগুলো আমার সন্তান। ওদের বড় করে তোলার দায়িত্ব আমার। ওদের ভালো থাকতে দেখলে আমার হৃদয় ভরে যায়। আপনারা কল্পনাও করতে পারবেন না, এই অনুভবটা কতটা সুন্দর।”
প্রীতির এই কাজের প্রেরণা এসেছে বহু ছোটবেলার অভিজ্ঞতা এবং সামাজিক বৈষম্যের কষ্টদায়ক চিত্র দেখে। কন্যাভ্রূণ হত্যা, অবহেলা ও অনিরাপদ পরিবেশে মেয়েদের বেড়ে ওঠা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই থেকেই শুরু এই মাতৃত্বের অনন্য পথচলা। পহেলগাঁও ঘটনার পরে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়া কিংবা শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়ে এক কোটি টাকা দান করার মতো সিদ্ধান্ত—সবই প্রীতির সমাজদায়িত্ববোধের পরিচায়ক।
আজ প্রীতিকে শুধুই বলিউড অভিনেত্রী হিসেবে চেনা ঠিক নয়, তিনি একাধিক কন্যার গর্বিত মা, এক অসাধারণ নারী যিনি নিঃশব্দে বদলে দিচ্ছেন বহু মেয়ের ভবিষ্যৎ। তাঁর এই নীরব সমাজসেবাই প্রমাণ করে, আসল নায়িকা শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও হন সাহসিনী।
পাতিলেবু খেলে মাইগ্রেন কমে? ডাক্তাররা যা বলছেন ভাইরাল টোটকা নিয়ে