পুরনো ফোন বিক্রির আগে সাবধান! !
নতুন ফোন কেনার উত্তেজনায় অনেকেই ভুলে যান একটি গুরুত্বপূর্ণ বিষয়— পুরনো ফোনে জমে থাকা ব্যক্তিগত তথ্য। অধিকাংশ ব্যবহারকারী মনে করেন, ফ্যাক্টরি রিসেট করলেই সব তথ্য মুছে যায়। বাস্তবে কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয়। সাইবার বিশেষজ্ঞরা এখন স্পষ্টভাবে বলছেন— শুধুমাত্র ফ্যাক্টরি রিসেট করলেই ফোন পুরোপুরি “খালি” হয় না। এই ফাঁক গলে আপনার ব্যক্তিগত তথ্য পড়ে যেতে পারে হ্যাকার বা জালিয়াতদের হাতে।
ফ্যাক্টরি রিসেট— আসলেই কতটা নিরাপদ?
ফ্যাক্টরি রিসেট মূলত ফোনকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে দেয়। সমস্ত অ্যাপ, ছবি, ভিডিয়ো ও সেটিংস মুছে ফেলা হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, ২১টি ফ্যাক্টরি রিসেট করা ফোন পরীক্ষা করে অন্তত ২০টি ফোনেই কিছু না কিছু ব্যক্তিগত তথ্য থেকে গিয়েছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে এই সমস্যা বেশি, কারণ এগুলির নিরাপত্তা এনক্রিপশন অনেক ক্ষেত্রেই ডিফল্ট থাকে না।
এই ফাঁকেই প্রবেশ করে ডেটা রিকভারি সফ্টওয়্যার। একজন দক্ষ হ্যাকার চাইলে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করে ফেলতে পারে— যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি বা সামাজিক মাধ্যমে ব্যবহৃত তথ্য।
আইফোনে তুলনায় কম ঝুঁকি
অ্যাপলের ডিভাইসগুলিতে তথ্য এনক্রিপশনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। ফলে ফ্যাক্টরি রিসেটের পর সেই তথ্য পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। তবে তাতেও আত্মতুষ্টি নয়— প্রয়োগ করতে হবে কিছু অতিরিক্ত সতর্কতা।
তাহলে কী করবেন? পুরনো ফোন বিক্রি বা ফেলার আগে মেনে চলুন এই ৬টি ধাপ:
১. ডেটার ব্যাকআপ নিন
প্রথমেই ক্লাউড বা ব্যক্তিগত হার্ড ড্রাইভে প্রয়োজনীয় ডেটা সেভ করে ফেলুন। যাতে রিসেটের পরে আর কোনও প্রয়োজনীয় তথ্য হারিয়ে না যায়।
২. এনক্রিপশন চালু করুন (অ্যান্ড্রয়েডে)
ফোনে থাকা ডেটা এনক্রিপ্ট করে নিন। এতে কেউ চাইলে মুছে ফেলা ডেটা উদ্ধার করতে গেলে পাসওয়ার্ড বা এনক্রিপশন কী প্রয়োজন হবে, যা না থাকলে উদ্ধার করা প্রায় অসম্ভব।
৩. অ্যাকাউন্টগুলি আলাদা করে ডিলিট করুন
ফ্যাক্টরি রিসেটের আগে আপনার সব ইমেল, সোশ্যাল মিডিয়া, UPI বা পেমেন্ট অ্যাপ থেকে লগআউট করুন এবং অ্যাকাউন্ট ডিলিট করুন। সরাসরি রিসেট করলে অনেক অ্যাকাউন্ট তথ্য থেকেই যেতে পারে।
৪. ওভাররাইট পদ্ধতি ব্যবহার করুন
একবার রিসেটের পর ফোনে অপ্রয়োজনীয় অডিও বা ভিডিয়ো ফাইল ট্রান্সফার করে আবার রিসেট করুন। এতে আগের তথ্যের জায়গায় নতুন ফাইল লেখা হয়ে যায়— যাকে বলা হয় “ওভাররাইটিং।”
৫. ডেটা ওয়াইপিং সফ্টওয়্যার ব্যবহার করুন
‘iShredder’ বা অনুরূপ কোনও অ্যাপ ব্যবহার করে ফোনের মেমরি গভীর স্তর পর্যন্ত মুছে ফেলুন। এতে ডেটা পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়ে।
৬. ফোন বিক্রি না করলে, ফিজিক্যালি ধ্বংস করুন
যদি ফোন বিক্রি না করেন, তবে ভাঙা বা নষ্ট করে দিন ফোনটি। এতে হার্ডওয়্যারে থাকা কোনও ডেটা আর উদ্ধার করা যাবে না।
সারা দিন “স্নান করে বেরোলাম” লুক—কীভাবে পাবেন তরতাজা ও সতেজ চুলের জাদু?