রোজ রাতে মাথাব্যথা আর মাথা ঘোরার সমস্যা?
রাতে শোবার পর হঠাৎ মাথাব্যথা শুরু হয়ে যায়, তা কয়েক ঘণ্টা ধরে দপদপানি করে আর চোখের আলোই যেন সহ্য হয় না? মাথা ঘোরা, বমি ভাবও থাকে? অনেকেই এই সমস্যায় ভুগছেন, বিশেষ করে মহিলাদের মধ্যে। কিন্তু মাথাব্যথা মানেই কি মাইগ্রেন? নাকি অন্য কোনো কারণ আছে? আসলে, এই ধরনের যন্ত্রণার পেছনে হাইপোথাইরয়েডিজ়ম নামের এক রোগ থাকতে পারে, যা দেশের প্রায় ১০ জনের মধ্যে একজনকে প্রভাবিত করে।
হাইপোথাইরয়েডিজ়ম বা থাইরয়েড সমস্যা শুধু ওজন বাড়া বা কমার কারণ হয় না, বরং শরীরের নানা রকম উপসর্গ দিয়ে থাকে। যেমন, বুক ধড়ফড় করা, গরম বা ঠান্ডা সহ্য করতে না পারা, পেশিতে ব্যথা, চুল পড়া, মুখ ও পা ফুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত ঋতুস্রাব এবং অবশ্যই মাথাব্যথা। এই মাথাব্যথা অনেক সময় মাইগ্রেনের মতোই তীব্র এবং বারবার ফিরে আসে।
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্ট বলছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে প্রায় ২.৭ শতাংশ হাইপোথাইরয়েডের শিকার, পুরুষদের ক্ষেত্রে এই হার অনেক কম, মাত্র ০.৫ শতাংশ।
হাইপোথাইরয়েডে ক্লান্তি, দুর্বলতা বাড়ে, সামান্য পরিশ্রম বা চোখে বেশি আলো পড়লেই মাথা যন্ত্রণা শুরু হতে পারে। অনেক সময় মাথার এক পাশে বা পেছনে চাপ অনুভূত হয়, যেন মাথার ভিতরে হাতুড়ির আঘাত লেগেছে। এই ব্যথার সঙ্গে মাথা ঘোরা ও বমির ভাবও থাকে।
মাথাব্যথা শুরু হলে কী করবেন?
১) বিশ্রাম নিন: মাথাব্যথা হলে সব কাজ বন্ধ করে চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া জরুরি। মোবাইল বা অন্য কোনো স্ক্রিন দেখবেন না।
২) সুষম খাবার: থাইরয়েড সমস্যায় সঠিক সময়ে সুষম খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। বেশি রাত জাগলে বা মোবাইলে অনেক সময় কাটালে মাথাব্যথা বাড়তে পারে।
৩) আদা চা পান করুন: অনেক সময় রক্তে শর্করার মাত্রা কমে গেলে (হাইপোগ্লাইসেমিয়া) মাথা ধরে যায়, যা মাইগ্রেনের মতো ব্যথায় রূপ নিতে পারে। ওষুধের বদলে আদা চা খান, এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহহ্রাসী গুণ ব্যথা কমাতে সাহায্য করবে।
৪) সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন: রোজের ডায়েটে বাদাম, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ফল ও সবজি রাখুন। তবে বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, ছোলা জাতীয় খাবার কম খান, কারণ এগুলো থাইরয়েডের ওপর প্রভাব ফেলতে পারে।
হঠাৎ মাথাব্যথা বা ঘোরার ক্ষেত্রে অবহেলা করা ঠিক নয়। যদি নিয়মিত এই সমস্যা হয়, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কারণ সময়মতো সঠিক চিকিৎসা হলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, আগামী সপ্তাহে দক্ষিণের ছয় জেলায় মুষলধারে বৃষ্টি