১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন!
দীর্ঘ ১৯ বছর পর আবার কলকাতায় ফিরলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে ঘিরে শুরু হয় ব্যাপক আগ্রহ। শনিবার কলকাতার রবীন্দ্র সদনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।
সমাজমাধ্যমে বার্তা দিয়েই কলকাতার পথে
কলকাতায় রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে তসলিমা লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, কলকাতায় ফিরে তাঁর খুব ভালো লাগছে এবং সকলকে ধন্যবাদ জানান।
রবীন্দ্র সদনে সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে কবিতা, গান ও সাহিত্যচর্চাকে কেন্দ্র করে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তাদের বক্তব্য, নতুন রাজনৈতিক পরিবেশে তসলিমাকে আবার কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে দাবি আয়োজকদের।
কেন বিতর্কে ছিল তসলিমার কলকাতা-ফেরা?
২০০৭ সালে তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে কেন্দ্র করে কলকাতার একাধিক এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে সেনা মোতায়েন পর্যন্ত করতে হয়েছিল।
পরবর্তী সময়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তাঁকে কলকাতা ছাড়তে হয় এবং বইটির উপর নিষেধাজ্ঞাও জারি হয়েছিল। পরে তৃণমূল সরকারের সময়ও তিনি কলকাতায় ফিরে স্থায়ীভাবে থাকার সুযোগ পাননি। প্রায় দুই দশক পর বিজেপি সরকারের আমলে তাঁর এই প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
রাজনৈতিক প্রতিক্রিয়ার অপেক্ষা
তসলিমার কলকাতা সফরকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যদিও আয়োজকদের দাবি, অনুষ্ঠানটি শুধুই সাহিত্য ও সংস্কৃতিকে ঘিরে। তবে দীর্ঘ ১৯ বছর পর তাঁর শহরে প্রত্যাবর্তন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর ভবিষ্যতে আরও রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?