সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের! স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলায় ফের কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, সাত দিনের মধ্যে অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা জনসমক্ষে আনতে হবে। বিচারপতি…

August 29, 2025
0 min read

সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের!

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলায় ফের কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, সাত দিনের মধ্যে অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা জনসমক্ষে আনতে হবে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ বৃহস্পতিবার জানায়, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে আদালতের নজরদারি চলছে এবং প্রয়োজনে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে।

বেঞ্চের পর্যবেক্ষণ, কলকাতা হাই কোর্ট আগেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছিল। সেই নির্দেশে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। তবুও কেন এখনো তালিকা প্রকাশ হয়নি, সেই প্রশ্ন তোলেন বিচারপতিরা। বিচারপতি কুমারের প্রশ্ন, “জনসমক্ষে তালিকা প্রকাশ করেছেন? কেন এখনো করেননি?”

প্রথমে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু পরে নিজের বক্তব্য সংশোধন করে তিনি আদালতের কাছে দুঃখপ্রকাশ করেন। এই পরিস্থিতিতে বিচারপতি শর্মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা আগে বললেন তালিকা প্রকাশ করেছেন, এখন বলছেন করেননি। আদালতে এসে অবস্থান বদলাচ্ছেন। আমরা আপনাদের বিশ্বাস করেছিলাম।”

এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। আদালত এই প্রতিশ্রুতি নথিভুক্ত করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দ্বারস্থ হতে পারবেন। বিচারপতি কুমার স্পষ্ট মন্তব্য করেন, “যোগ্য প্রার্থীদের নিয়ে কিছু বলছি না। কিন্তু অযোগ্যদের তালিকা লুকিয়ে রাখা যাবে না।” শুনানিতে বেঞ্চ আরও উল্লেখ করে, গোটা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এবং তা ঢাকতে চেষ্টাও হয়েছে।

অন্যদিকে, আদালতের নির্দেশ মেনেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। ‘দাগি’ নন এমন প্রার্থীদের আর্জি ছিল পরীক্ষার সূচি স্থগিত রাখার, কিন্তু বৃহস্পতিবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ঠিক হয়েছে, ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পূর্বঘোষিত সূচি মেনেই পরীক্ষা হবে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যার ফলে চাকরি হারিয়েছিলেন ২৫,৭৩৫ জন। আদালত জানায়, যোগ্য ও অযোগ্যদের আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য না থাকায় পুরো প্যানেলই বাতিল করতে হয়েছে। একইসঙ্গে ‘দাগি’ প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রায় পুনর্বিবেচনার আবেদনও আদালত খারিজ করেছে।

এই নির্দেশের ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে, তবে দাগিদের নাম প্রকাশ নিয়ে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়েছে শীর্ষ আদালত।

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সহজ জয় রাডুকানু ও আজ়ারেঙ্কার

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *