ইস্টবেঙ্গলকে বাঁচাল আকাশ!
কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের লড়াই আরও জমে গেল। সোমবার দুই বড় দলের ম্যাচেই শেষ মুহূর্তে নাটকীয়তা দেখা গেল। মহমেডানের বিরুদ্ধে হারতে হারতে সমতা ফেরাল ইস্টবেঙ্গল। অন্য দিকে, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জিততে জিততে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট ভাগ করতে হল মোহনবাগানকে। ফলে লিগের ফয়সালা গড়াল শেষ রাউন্ডে।
কল্যাণী স্টেডিয়ামে মহমেডানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৬০ মিনিটে লালথানকিমার গোলে এগিয়ে যায় মহমেডান। ম্যাচের শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখার চেষ্টা করেছিল তারা। কিন্তু সংযুক্তি সময়ে আকাশ হেমব্রম গোল করে ইস্টবেঙ্গলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন।
অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহনবাগান। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি তারা। সামাদ, দীপক টাংরি এবং মনবীর সিংহের সামনে সুযোগ এসেছিল। কিন্তু কোনওটিই কাজে লাগেনি।
দ্বিতীয়ার্ধেও ছবিটা খুব একটা বদলায়নি। শেষ পর্যন্ত সংযুক্তি সময়ের প্রথম মিনিটে সন্দীপ মালিকের গোলে এগিয়ে যায় মোহনবাগান। মনে হচ্ছিল, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে তারা। কিন্তু নাটক তখনও বাকি। একেবারে শেষ মুহূর্তে সুময় সোম গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান। ফলে মোহনবাগানকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়নশিপের হিসাব আরও জটিল হয়েছে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে গ্রুপ পর্বের পয়েন্ট যোগ হচ্ছে না। তিনটি ম্যাচের শেষে যে দলের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে, তারাই কলকাতা লিগের চ্যাম্পিয়ন হবে।
বর্তমানে মোহনবাগান ও মহমেডানের দু’টি করে ম্যাচে চার পয়েন্ট। দু’দলই একটি ম্যাচ জিতেছে এবং একটি ড্র করেছে। ইস্টবেঙ্গলের সংগ্রহ দুই পয়েন্ট—দু’টি ম্যাচেই ড্র।
শেষ ম্যাচে মোহনবাগান খেলবে মহমেডানের বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কোল ইন্ডিয়া। মোহনবাগান-মহমেডান ম্যাচ ড্র হলে দু’দলেরই পয়েন্ট হবে পাঁচ। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়াকে হারিয়ে পাঁচ পয়েন্টে পৌঁছতে পারবে।
তবে সেখানেও রয়েছে কঠিন অঙ্ক। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে হলে কোল ইন্ডিয়াকে অন্তত পাঁচ গোলের ব্যবধানে হারাতে হবে। অর্থাৎ শেষ রাউন্ডে তিন দলেরই সামনে রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। কলকাতা লিগের ট্রফি কার হাতে উঠবে, তার উত্তর মিলবে একেবারে শেষ ম্যাচেই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।