মাকড়সা-কাঁকড়ার পূর্বপুরুষের অক্ষত মস্তিষ্ক ও অন্ত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা
৫২ কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়ানো এক প্রাচীন প্রাণীর জীবাশ্ম এবার বিজ্ঞানীদের হাতে এনে দিল বিবর্তনের এক বিস্ময়কর ইতিহাস। এই প্রাণীটি বর্তমান মাকড়সা ও কাঁকড়ার পূর্বপুরুষ। আরও অবাক করা বিষয়, এত কোটি বছর পরেও জীবাশ্মে তার মস্তিষ্ক, অন্ত্র, হজমগ্রন্থি এবং স্নায়ুতন্ত্র অক্ষত রয়েছে।
চিনের ইউনান প্রদেশ থেকে উদ্ধার হওয়া এই জীবাশ্ম প্রথমে সাধারণ মনে হলেও গবেষণায় দেখা গেল, এটি অতি বিরল। সাধারণত জীবাশ্ম বলতে বোঝায় এমন অবশিষ্টাংশ যা হাজার বছর ধরে চাপা পড়ে পাথরে পরিণত হয়। কিন্তু এই সন্ধিপদ প্রাণীর জীবাশ্মে শুধু বাহ্যিক অবয়বই নয়, দেহের ভেতরের নরম অঙ্গপ্রত্যঙ্গও আশ্চর্যভাবে অক্ষত রয়েছে। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা প্রাণীর বাইরের দেহরেখা দেখে গবেষণা করতেন, কিন্তু এই জীবাশ্ম তাঁদের সামনে খুলে দিয়েছে ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গি।
ইউতি ইউয়ানসি নামের এই প্রাণীটি ক্যাম্ব্রিয়ান যুগে বাস করত, যখন পৃথিবীতে জীববৈচিত্র্যের দ্রুত পরিবর্তন হচ্ছিল। ডুরহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন স্মিথের নেতৃত্বে এই জীবাশ্ম নিয়ে গভীর গবেষণা করা হয় এবং ফলাফল প্রকাশিত হয়েছে ‘নেচার’ জার্নালে। গবেষণায় সিনক্রোট্রন এক্স-রে টোমোগ্রাফি ব্যবহার করে জীবাশ্মটির ত্রিমাত্রিক ছবি তোলা হয়েছে। তাতে মস্তিষ্কের অঞ্চল, চোখের স্নায়ু, হজম প্রক্রিয়ার অঙ্গ, এমনকি প্রাথমিক পর্যায়ের রক্ত সঞ্চালন ব্যবস্থাও ধরা পড়েছে।
অধ্যাপক স্মিথ জানিয়েছেন, লার্ভার জীবাশ্ম তৈরি হওয়া খুবই বিরল, কারণ নরমদেহী প্রাণীর অবশিষ্টাংশ সাধারণত ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু এই নমুনা সুস্পষ্টভাবে সংরক্ষিত হয়েছে। এটি শুধু প্রাচীন প্রাণীর বিবর্তন ইতিহাসই নয়, কোটি কোটি বছর আগে জীবনের জটিলতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।
গবেষণায় যুক্ত স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্যাথরিন ডবসন বলেন, ‘‘এই জীবাশ্ম আমাদের জীববৈচিত্র্য এবং বিবর্তনের ধারার নতুন ধারণা দিয়েছে। ভবিষ্যতে এর ওপর ভিত্তি করে আরও গবেষণা হলে পৃথিবীর প্রাচীন জীবজগত সম্পর্কে গভীর ধারণা পাওয়া সম্ভব হবে।’’
এই আবিষ্কার প্রমাণ করছে, কোটি কোটি বছর আগে পৃথিবীতে থাকা প্রাণীরাও যথেষ্ট উন্নত গঠনের অধিকারী ছিল। আজকের মাকড়সা বা কাঁকড়ার মধ্যে সেই প্রাচীন বৈশিষ্ট্যের ছাপ রয়ে গেছে। জীবাশ্মটি এখন চিনের ইউনান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত এবং এটি বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলেছে।
বিজ্ঞানীদের মতে, এমন ত্রিমাত্রিক জীবাশ্ম ভবিষ্যতের জীববিজ্ঞান গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দেবে। শুধু বিবর্তনের ইতিহাস নয়, জীবাশ্মবিদ্যা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও এই আবিষ্কার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ