খোলাখুলি ইশা সাহা
এই সময়ের টালিউডে ইশা সাহা যেন এক ভিন্ন স্বাদের নাম। ক্যামেরার সামনে অভিনয়ের দুনিয়ায় তিনি যতটা সাবলীল, ক্যামেরার বাইরের আলোচনায় ততটাই সংযত। সম্প্রতি এক খোলামেলা আড্ডায় নিজের কেরিয়ার, ব্যক্তিগত জীবন এবং ইন্ডাস্ট্রির হালচাল নিয়ে সোজাসাপটা কথাই বললেন অভিনেত্রী।
গত দু’বছরে ইশার ঝুলিতে ছবি কম, কিন্তু তা নিয়ে কোনও আফসোস নেই তাঁর। বরং কাজ থেকে ইচ্ছাকৃত বিরতি নেওয়ার কথাই অকপটে স্বীকার করলেন তিনি। ইন্ডাস্ট্রির মন্দা সময় পেরিয়ে আবার কাজ শুরু হওয়ায় খুশি ইশা। বললেন, “ভাল কাজের অভাব ছিল। তবে এবার আবার গতি ফিরেছে। তাই নতুন কিছু করতেও আগ্রহ বাড়ছে।”
নতুন ছবি চেক ইন চেক আউট সম্পর্কে ইশা জানালেন, “ছবির টিমের অধিকাংশই ছাত্র। প্রথমে দ্বন্দ্ব ছিল, পারবে তো? কিন্তু পরের দিকে আত্মবিশ্বাস বেড়ে যায়। তাছাড়া নতুনদের থেকে শেখার সুযোগ থাকে।”
ব্যক্তিগত জীবনের গসিপ বা প্রচারের আলোয় থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্ত বিক্রি — এসব থেকে নিজেকে দূরেই রেখেছেন ইশা। তাঁর কথায়, “কে কোথায় খেতে গেলাম, কার সঙ্গে পার্টি করলাম, তা নিয়ে নিজেরাই গসিপ ছড়াচ্ছেন অনেকে। আমি এটা পারি না। আর চাইও না করতে। অনেকেই প্রাসঙ্গিক থাকার জন্য ব্যক্তিগত জীবন পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন — এটা খুব দুঃখজনক।”
তিনি আরও যোগ করেন, “আমার কাজ অভিনয় করা, সেটাই করে যেতে চাই। ব্র্যান্ড ভ্যালু যদি কারও সহজলভ্য হয়ে যায়, তবে তার গুরুত্বও কমে যায়। আমি কখনওই চাই না, সবাই যেন আমার সব কিছু জেনে নেয়।”
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন নিয়েও সোজাসাপটা উত্তর দিলেন ইশা, “হ্যাঁ, প্রভাব তো পড়েই। কিন্তু আমি জানি আমার জীবনে কী চলছে। বাইরের মানুষকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না। পরিবারও এসব পাত্তা দেয় না, ওঁরা জানেন, আমি যদি কিছু বলার থাকি, নিজেই জানাব।”
আইনি পথে যাওয়ার কথাও স্পষ্ট করে বললেন তিনি। “যদি কেউ প্রমাণ ছাড়া আমার চরিত্রহনন করেন, আইনি পদক্ষেপ করতেই পারি,” বললেন ইশা।
কাজের দিক থেকে বড় পর্দায় ‘একেনবাবু’র নতুন ছবি ও ‘অসুখ বিসুখ’ মুক্তির অপেক্ষায়। ওয়েবে ‘ইন্দু’র নতুন সিজ়ন ও সোনাদার অভিযান ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর শুটিংও শুরু হতে চলেছে শীঘ্রই।
সব মিলিয়ে, প্রচারের চাপে না পড়েও নিজের মতো করে এগিয়ে চলছেন ইশা। আলো নয়, নিজের কাজেই বিশ্বাস তাঁর। বলিউড নিয়েও ভাবনা নেই — “ভাল স্ক্রিপ্ট এলে রাজি হব, তবে জোর করে কিছু করব না।”
শিল্পী হিসেবে প্রাসঙ্গিক থাকতে গিয়ে নিজের সত্যিটা হারাতে চান না তিনি — এটুকুতে তাঁর আলাদা অবস্থান স্পষ্ট।
তালা ভাঙার পাল্টা তালা! কসবা থেকে হুগলি—চাকরিহারাদের ক্ষোভে কাঁপছে রাজ্য