শিবরাত্রির সকালে ভয়াবহ আতঙ্ক!
শিবরাত্রির সকালটা যে এমন আতঙ্কের হয়ে উঠবে, তা কেউ কল্পনাও করেননি। আচমকাই আগুন ধরে যায় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি তারকাখচিত বহুতল আবাসনে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি নীচে নেমে আসেন বাসিন্দারা— তাঁদের মধ্যেই ছিলেন বাংলা বিনোদন জগতের পরিচিত বহু মুখ।
খবর অনুযায়ী, আগুন লাগে আবাসনের পঞ্চম তলায়। দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
এই আবাসনের বাসিন্দাদের তালিকায় রয়েছেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী-রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।
নুসরত জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং সবাই নিরাপদে আছেন। তবে ঘটনার মুহূর্তে আতঙ্ক ছিল চরমে। আগুন লাগার তলার ঠিক উপরের তলাতেই রয়েছে যশ-নুসরতের ফ্ল্যাট। ফলে বিপদের খবর পেয়েই তাঁরা দুই শিশুসন্তানকে নিয়ে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন।
পরিচালক শুভ্রজিৎ ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে জানান, শোনা যাচ্ছে পঞ্চম তলার একটি ফ্ল্যাটে শিবরাত্রির পুজো চলছিল। সেখানে প্রদীপ জ্বালিয়ে আরতি করার পর তা নিভিয়ে রাখা হয়নি। বাসিন্দারা নীচে আবাসনের মন্দিরে পুজো দিতে গেলে সেই প্রদীপ থেকেই আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান।
তিনি আরও বলেন, “আমি থাকি ১৮ তলায়। লিফট বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ মাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে বেশ সময় লেগেছিল। তখন দেখি চারদিকে মানুষ ছুটছেন, আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে পুরো ভবন।”
ঘটনার সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো গেছে। শুধু মানুষই নয়, আবাসনের একটি ফ্ল্যাটে থাকা ১৪টি পোষ্য কুকুরকেও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনা আবারও মনে করিয়ে দিল— অগ্নি-নিরাপত্তা নিয়ে সামান্য অসাবধানতাও কত বড় বিপদ ডেকে আনতে পারে। শিবরাত্রির পুজোর দিন আনন্দের মধ্যেই যে এমন দুঃস্বপ্ন নেমে আসবে, তা ভাবেননি কেউই। সৌভাগ্যবশত, দ্রুত দমকলের তৎপরতায় এক বড় বিপদ থেকে রক্ষা পেলেন আবাসনের বাসিন্দারা— আর স্বস্তির নিশ্বাস ফেলল টলিপাড়াও।
প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই