রাহুলের মৃত্যুর পর নতুন বিতর্ক!
টলিপাড়ায় ফের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অভিনেতা Rahul Arunoday Banerjee-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকেই চাপে রয়েছেন প্রযোজক Leena Gangopadhyay ও Shaibal Banerjee। সেই আবহেই এ বার আইনি পথে হাঁটলেন তাঁদের পুত্র তথা প্রযোজক Arka Gangopadhyay। অভিযোগের নিশানায় রয়েছে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন।
রাহুলের মৃত্যুর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লীনা-শৈবালের প্রযোজনার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল দুই সংগঠন। সেই সিদ্ধান্তের জেরেই নিজের প্রযোজনা সংস্থা আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি অর্কের। তাঁর কথায়, “আইনগত ভাবে কেউ এ ভাবে কাজ বন্ধ করে দিতে পারেন না। এর একটা সীমা আছে।”
অর্কের অভিযোগ, তাঁর ধারাবাহিক ‘কনে দেখা আলো’-র কাহিনিকার তাঁর মা লীনা গঙ্গোপাধ্যায় হওয়ায় চ্যানেল কর্তৃপক্ষও পিছিয়ে যাচ্ছে। এমনকি নতুন দু’টি ধারাবাহিকের কাজও আটকে গিয়েছে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, টানা ১১ দিন শুটিং বন্ধ থাকায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অন্য দিকে, আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক Rana Mitra অর্কের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “লীনা দি এবং শৈবালদার আচরণ ও উদাসীনতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।” রানা আরও বলেন, কাউকে ভয় দেখিয়ে কাজ বন্ধ করানো হয়নি। বিষয়টি নিয়ে শিল্পীদের মধ্যে ভোটাভুটি হয়েছিল। যাঁরা কাজ করতে রাজি, তাঁরা লিখিত সম্মতি দিয়েছেন। যাঁদের আপত্তি ছিল, তাঁরাও নিজেদের মত জানিয়েছেন।
অর্কের আরও অভিযোগ, অভিনেতা সোমরাজ মাইতি, মৈনাক ঢোল ও অভিনেত্রী নন্দিনী দত্তকে নাকি ভয় দেখানো হয়েছিল। যদিও সেই অভিযোগও অস্বীকার করেছে ফোরাম। রানার বক্তব্য, “আর্টিস্ট ফোরাম গুন্ডামি করে না, কাউকে ভয়ও দেখায় না।”
এই ঘটনায় ফেডারেশনের প্রাক্তন সভাপতি Swarup Biswas-এর নামও টেনেছেন অর্ক। তবে স্বরূপ জানিয়েছেন, সব দিক না জেনে তিনি এখনই মন্তব্য করতে চান না। একই অবস্থান নিয়েছেন কার্যকরী সভাপতি Prosenjit Chatterjee-ও। বর্তমানে তিনি দিল্লিতে থাকায় বিস্তারিত জানার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
ঘটনার জেরে টেলি ইন্ডাস্ট্রির অন্দরে এখন স্পষ্ট বিভাজন। এক পক্ষ মনে করছে, শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে সংগঠনগুলির অবস্থান ঠিক। অন্য পক্ষের দাবি, ব্যক্তিগত বিরোধের জেরে প্রযোজনা সংস্থাকে কোণঠাসা করা হচ্ছে। ফলে রাহুলের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন আইনি লড়াইয়ের দিকেও মোড় নিচ্ছে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা