নস্টাগ্রামে ‘Ask Me Anything’ শুরু রাহুলের!
দেশজুড়ে নিট প্রশ্নফাঁস ইস্যু এবং তরুণ প্রজন্মের ক্ষোভের আবহে সামাজিক মাধ্যমে সরাসরি যুবসমাজের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইনস্টাগ্রামে ‘Ask Me Anything’ (আমাকে যা খুশি প্রশ্ন করুন) নামে নতুন একটি ইন্টারঅ্যাকটিভ কর্মসূচি শুরু করেছেন তিনি। একই সঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কেও কটাক্ষ করেছেন রাহুল।
রাহুল তাঁর এক্স (X) পোস্টে শিক্ষার্থী ও ‘জেন জ়ি’-কে উদ্দেশ করে লিখেছেন, তিনি তাঁদের কথা শুনতে চান এবং ইনস্টাগ্রামে যে কোনও প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম স্টোরির লিঙ্কও শেয়ার করেছেন, যেখানে তরুণরা সরাসরি প্রশ্ন জমা দিতে পারবেন। তিনি জানিয়েছেন, যত বেশি সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
এই উদ্যোগের আগে বুধবার দিল্লিতে সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে আন্দোলনরত কয়েকজন ছাত্র-ছাত্রীর সঙ্গে বৈঠক করেন রাহুল। সেখানে তিনি বলেন, “স্ক্রিপ্ট বা টেলিপ্রম্পটার ছাড়াই তরুণদের প্রশ্নের উত্তর দিতে চাই।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধীদের অভিযোগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী মোদীকে পরোক্ষে নিশানা করেছেন কংগ্রেস নেতা।
বুধবারের সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন, আন্দোলনকারী পড়ুয়াদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাঁদের ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে। তাঁর বক্তব্য, কোনও ভুল না করেও তরুণদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীও বিভিন্ন সামাজিক মাধ্যম—বিশেষ করে ইনস্টাগ্রাম, রেডিট ও স্ন্যাপচ্যাট—ব্যবহার করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন। সেই আবহেই রাহুলের এই ‘Ask Me Anything’ কর্মসূচিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাহুলের এই নতুন উদ্যোগের লক্ষ্য, তরুণদের সঙ্গে সরাসরি সংলাপ গড়ে তোলা এবং তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও মতামত শোনা। কংগ্রেসের আশা, এই ধরনের খোলামেলা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে যুবসমাজের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।