রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি!
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাতে দিঘায় অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকের পর তিনি এই ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে অভিনেতার পরিবার এবং টলিউডের বিভিন্ন মহল এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছিল। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকার সিআইডি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, ওড়িশার উদয়পুরে এক জনপ্রিয় চিত্রতারকার মৃত্যুর ঘটনায় যেমন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল, তেমনই রাহুলের মৃত্যুর ঘটনাতেও গভীর তদন্ত প্রয়োজন। তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন, যাতে ডিজিপির মাধ্যমে বিষয়টি দ্রুত স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠানো হয় এবং সিআইডি আনুষ্ঠানিকভাবে তদন্তভার গ্রহণ করে।
রাহুলের পরিবারের পক্ষ থেকেও এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রথমে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। তবে মৃত্যুর কারণ এবং ঘটনাপ্রবাহ নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জোরদার হয়।
গত ২৯ মার্চ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিঘার উদয়পুর সমুদ্রসৈকতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৪২ বছর বয়সী অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলা বিনোদন জগতে।
পরবর্তীতে প্রকাশিত ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয়, দীর্ঘ সময় জলের নিচে আটকে থাকার কারণে তাঁর ফুসফুস ও খাদ্যনালিতে প্রচুর পরিমাণে নোনা জল এবং বালি ঢুকে গিয়েছিল। এর ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে। ৩০ মার্চ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এই ঘটনাকে সামনে রেখে দিঘা ও সংলগ্ন উপকূল এলাকায় পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দিঘা-শঙ্করপুর উপকূলজুড়ে মাত্র ৬৩ জন নুলিয়া কর্মরত রয়েছেন, যা পর্যটকের তুলনায় যথেষ্ট নয়।
ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, সেই লক্ষ্যেই নুলিয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে কাঁথির মহকুমাশাসককে। পাশাপাশি বর্তমানে নুলিয়ারা যে ৬৩০ টাকা দৈনিক পারিশ্রমিক পান, তা বাড়ানোর বিষয়েও প্রশাসনকে ইতিবাচকভাবে বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পর্যটকদের স্বার্থে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিঘায় প্রবেশের সময় পর্যটকদের কাছ থেকে যে অতিরিক্ত ১০ টাকা করে নেওয়া হত, তা আগামী ১ জুলাই থেকে সম্পূর্ণ তুলে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, সেচমন্ত্রী অরূপ কুমার দাস, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল এবং প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
রাহুলের মৃত্যুর তদন্ত এখন সিআইডির হাতে যাওয়ায় নতুন করে আশা তৈরি হয়েছে। পরিবার এবং অনুরাগীদের প্রত্যাশা, এই তদন্তের মাধ্যমে ঘটনার সমস্ত দিক সামনে আসবে এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সব প্রশ্নের উত্তর মিলবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?