রাজপরিবারের আমন্ত্রণে লন্ডনে সৌরভ!
ব্রিটেনের রাজপরিবারের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বাকিংহ্যাম প্যালেসে একটি চ্যারিটি ম্যাচে খেলবেন সৌরভ। সেই ম্যাচে তাঁর সঙ্গে থাকার কথা ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ব্রায়ান লারারও।
মহালয়ার দিন ইডেনে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে থাকার কথা সৌরভের। তার পরের দিনই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। পুজোর আগেই হবে সেই চ্যারিটি ম্যাচ।
সৌরভকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজপরিবারের তরফে তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে। প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলসের কমিউনিকেশন সেক্রেটারি লি থম্পসন সেই চিঠি পাঠিয়েছেন। চ্যারিটি ম্যাচে খেলতে রাজি হওয়ায় সৌরভকে ধন্যবাদ জানানো হয়েছে সেখানে।
ম্যাচটি নিয়ে আরও বিস্তারিত তথ্য আগামী সপ্তাহের শুরুতে সৌরভকে জানানো হবে। কখন ম্যাচ হবে, কারা খেলবেন এবং অনুষ্ঠানের অন্যান্য আয়োজন কী থাকবে, সে সব তখনই স্পষ্ট হবে। তবে সৌরভের সঙ্গে লারার থাকার বিষয়টি ইতিমধ্যেই জানা গিয়েছে।
ইংল্যান্ডের মাটিতে সৌরভের জনপ্রিয়তা নতুন নয়। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। অভিষেক টেস্টেই শতরান করে ক্রিকেটবিশ্বে নিজের আগমনের জানান দিয়েছিলেন সৌরভ। শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে প্রথম দু’টি টেস্টেই শতরান করেছিলেন তিনি।
সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডে সৌরভের একাধিক স্মরণীয় পারফরম্যান্স রয়েছে। এক দিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটিও এসেছিল ইংল্যান্ডের মাটিতে। টনটনে সেই ইনিংস এখনও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।
এ বার সেই ইংল্যান্ডেই অন্য ভূমিকায় ফিরছেন সৌরভ। পুজোর আবহে কলকাতা থেকে লন্ডন—রাজপরিবারের অতিথি হয়ে চ্যারিটি ম্যাচে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ। আর তাঁর পাশে থাকবেন লারা, যা ম্যাচটির আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।