রথের ভোগে আনুন পুরীর স্বাদ!
রথযাত্রা মানেই ভক্তি, উৎসব আর সুস্বাদু ভোগের আয়োজন। পুরীর শ্রীজগন্নাথ মন্দিরে প্রতিদিনই নিয়ম মেনে ৫৬ রকমের ভোগ নিবেদন করা হয়। রথযাত্রার সময় সেই আয়োজন আরও বিশেষ হয়ে ওঠে। বাড়িতে ছাপ্পান্ন ভোগ তৈরি করা সম্ভব না হলেও, জগন্নাথদেবের প্রিয় কয়েকটি ঐতিহ্যবাহী মিষ্টি সহজ উপকরণেই বানিয়ে নিবেদন করতে পারেন। রইল তিনটি জনপ্রিয় ভোগের সহজ রেসিপি।
১. মরিচা লাড়ু (মরিচ লাড্ডু)
নামের মতোই এটি সাধারণ লাড্ডুর থেকে একটু আলাদা। গুড়ের মিষ্টির সঙ্গে মশলার হালকা ঝাঁঝ এই প্রসাদের বিশেষত্ব।
উপকরণ:
- ১ কাপ আটা
- ১/৪ কাপ জল
- ঘি
- গুড়
- জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ ও গোলমরিচ (অল্প করে)
প্রণালী:
প্রথমে সব মশলা হালকা করে থেঁতো করে নিন। গরম জলে ঘি ও মশলা মিশিয়ে তাতে আটা দিয়ে নরম মণ্ড তৈরি করুন। আধ ঘণ্টা ঢেকে রেখে ছোট ছোট লাড্ডুর আকার দিন। এরপর ঘিতে সোনালি করে ভেজে নিন। অন্য পাত্রে গুড় গলিয়ে পাতলা সিরা তৈরি করে তাতে ভাজা লাড্ডুগুলি মিশিয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন বা ভোগ নিবেদনের জন্য প্রস্তুত।
২. কণিকা (মিষ্টি ভাত)
পুরীর মহাপ্রসাদের অন্যতম জনপ্রিয় পদ কণিকা। এটি ঘি, গুড় ও সুগন্ধি মশলায় তৈরি এক ধরনের মাখোমাখো মিষ্টি ভাত।
উপকরণ:
- ছোট দানার চাল
- গুড়
- ঘি
- কাজুবাদাম
- কিশমিশ
- তেজপাতা
- দারচিনি
- ছোট ও বড় এলাচ
প্রণালী:
প্রথমে ঘিতে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। এরপর চাল, প্রয়োজনমতো জল, ঘি ও তেজপাতা দিয়ে ভাত বসান। কিছুক্ষণ পরে দারচিনি ও এলাচ গুঁড়ো এবং গুড় মিশিয়ে দিন। ভাত পুরোপুরি সেদ্ধ হলে ভাজা কাজু-কিশমিশ ও আরও সামান্য ঘি মিশিয়ে নিন। কণিকার স্বাদ সবচেয়ে ভালো হয় যখন এটি ঝরঝরে নয়, বরং নরম ও মাখোমাখো থাকে।
৩. অমালু
অমালু দেখতে অনেকটা গুড়ের মালপোয়ার মতো হলেও স্বাদে রয়েছে আলাদা ঐতিহ্যের ছোঁয়া।
উপকরণ:
- ১ কাপ আটা
- ২/৩ কাপ গুড়
- দেড় কাপ জল
- মৌরি
- গোলমরিচ
- ভাজার জন্য তেল বা ঘি
প্রণালী:
মৌরি ও গোলমরিচ হালকা থেঁতো করে নিন। গুড় জলে গলিয়ে তাতে মশলা মিশিয়ে আটা দিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। এরপর কড়াইতে তেল বা ঘি গরম করে মালপোয়ার মতো গোল করে ঢেলে দুই দিক সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। গরম গরম অমালু ভোগে নিবেদন করলেও যেমন সুস্বাদু, তেমনই বিকেলের জলখাবার হিসেবেও দারুণ।
রথযাত্রার শুভ দিনে এই তিনটি ঐতিহ্যবাহী মিষ্টি বাড়িতেই তৈরি করে জগন্নাথদেবকে নিবেদন করলে উৎসবের আনন্দ আরও পূর্ণতা পাবে। সহজ উপকরণে তৈরি হলেও প্রতিটি পদে লুকিয়ে রয়েছে পুরীর মহাপ্রসাদের চিরন্তন ঐতিহ্য ও স্বাদ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?