মৌনী–অর্জুনকে ঘিরে প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ ক্রিস্টল!
অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। কখনও তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা, কখনও নতুন সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজ়া। তাঁর দাবি, শুধুমাত্র বেশি ভিউ ও লাইক পাওয়ার আশায় দায়িত্বজ্ঞানহীনভাবে গুজব ছড়ানো হচ্ছে।
সম্প্রতি একটি পাপারাৎজ়ি পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, মুম্বইয়ের একটি রেস্তরাঁ থেকে বন্ধু অনুষা দান্ডেকরের সঙ্গে বেরিয়ে আসছেন মৌনী রায়। কিছুক্ষণ পরে একই জায়গা থেকে বেরিয়ে আসেন অর্জুন বিজলানী। এই দৃশ্যের ভিত্তিতেই পোস্টে ইঙ্গিত করা হয়, বিচ্ছেদের পর নাকি গোপনে সম্পর্কে জড়িয়েছেন মৌনী ও অর্জুন।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেন ক্রিস্টল ডি’সুজ়া। মন্তব্য বিভাগে তিনি লেখেন, “এ সব কী ভুলভাল কথা! শুধু ভিউস পাওয়ার জন্য যা খুশি পোস্ট করছেন।” তাঁর এই মন্তব্য দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক নেটিজেনও তাঁর সঙ্গে একমত হন।
অনেকেই ওই পোস্টের সমালোচনা করে লেখেন, কোনও প্রমাণ ছাড়া দুই বন্ধুর সম্পর্ক নিয়ে এমন গল্প তৈরি করা অনুচিত। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “ওরা বহু দিনের বন্ধু। শুধুমাত্র দর্শক টানার জন্য এ ধরনের ভুয়ো খবর ছড়ানো উচিত নয়।” অন্য এক জন লেখেন, “অর্জুন সুখে সংসার করছেন। মৌনীর ব্যক্তিগত জীবন নিয়ে এমন ভিত্তিহীন গল্প বানানো বন্ধ হওয়া উচিত।”
আসলে মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব নতুন নয়। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা। এরপর বহু অনুষ্ঠান, পার্টি এবং ব্যক্তিগত মুহূর্তেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। শুধু অর্জুন নন, তাঁর স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে। তাই তাঁদের সম্পর্ককে প্রেমের রঙ দেওয়াকে অনেকেই অযৌক্তিক বলেই মনে করছেন।
এদিকে, কাজের ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন মৌনী। সম্প্রতি তাঁকে ‘অব হোগা হিসাব’ ওয়েব সিরিজে দেখা গেছে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় কপূর, শাহির শেখ-সহ একাধিক শিল্পী। আগামী দিনে পরিচালক মধুর ভান্ডারকরের নতুন ছবি ‘দ্য ওয়াইভস’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, সমাজমাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই-বাছাই ছাড়াই গুজব ছড়ানো কতটা দায়িত্বশীল। ক্রিস্টলের মন্তব্য সেই বিতর্ককেই আরও উসকে দিয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?