মোদীর বিদেশ সফর, ইউএস ওপেনে দাপটের লড়াই!
প্রথমেই নজর দেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের বিদেশ সফরের দিকে। আজ তিনি রওনা দিচ্ছেন জাপান হয়ে চিনে। জাপানে দু’দিন কাটিয়ে তিনি যাবেন চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে। সেখানে তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাগ শরিফও। এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ বর্তমানে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই ভারত কোয়াড গোষ্ঠীর মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির প্রস্তাব দিয়েছে। ফলে এই সফরের দিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের কড়া নজর।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বাড়ছে ভোটকেন্দ্র। ইতিমধ্যেই ৮০ হাজারের বেশি বুথ রয়েছে রাজ্যে, এবার আরও ১৩ হাজার বুথ যুক্ত হতে চলেছে। নতুন বুথগুলির বিন্যাস ও প্রস্তুতি নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতরে বিকেল সাড়ে ৩টায় সর্বদল বৈঠক হবে। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসসহ সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে।
আজ নজর থাকবে কোর্টের লড়াইয়েও। ইউএস ওপেনে আজ পুরুষদের সিঙ্গলসে নামবেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়, প্রতিপক্ষ ৩২ নম্বর লুসিয়ানো দারদেরি। খেলবেন নোভাক জোকোভিচও, তাঁর প্রতিপক্ষ ক্যামেরন নরি। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা লড়বেন লিলা ফার্নান্ডেজের বিরুদ্ধে। খেলা শুরু রাত ৮:৩০ থেকে, সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টারে।
রাজনৈতিক অঙ্গনে আজ আলোচনায় ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচি। ‘পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চ’ অভিযোগ তুলেছে যে বেআইনিভাবে সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে। সংগঠনটি আজ বেলা ১২টায় কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে মিছিল করে বিধানসভার দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে। যদিও এই কর্মসূচির জন্য পুলিশি অনুমতি মেলেনি। রাজনৈতিক মহল মনে করছে, এই আন্দোলনের পিছনে বিজেপির সরাসরি মদত রয়েছে। গতকালই বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ডাক দেন।
সব মিলিয়ে আজকের দিনটি রাজনীতি, কূটনীতি ও খেলাধুলায় একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে চলেছে।