মেসির জন্য বিশেষ টি-শার্ট, হোটেলের ঘরেই কেক!
বিশ্বকাপের উত্তেজনার মাঝেই বিশেষ দিন পালন করলেন লিয়োনেল মেসি। বুধবার ৩৯ বছরে পা দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠের লড়াইয়ের ব্যস্ততার মধ্যেও মেসির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখলেন না তাঁর সতীর্থরা।
হোটেলের ঘরেই মেসিকে চমকে দিলেন আর্জেন্টিনা দলের ফুটবলাররা। তাঁর জন্য তৈরি করা হয়েছিল বিশেষ টি-শার্ট। প্রতিটি টি-শার্টে ছিল মেসির সঙ্গে সংশ্লিষ্ট সতীর্থের একটি করে ছবি। অর্থাৎ প্রত্যেক খেলোয়াড়ের পোশাক ছিল আলাদা, কিন্তু প্রত্যেকটির সঙ্গে জড়িয়ে ছিল মেসির সঙ্গে কাটানো কোনও বিশেষ মুহূর্ত।
মেসি নিজেই পরে সেই মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ করেন। ভিডিয়োয় দেখা যায়, আর্জেন্টিনার ফুটবলাররা সাদা টি-শার্ট পরে একসঙ্গে তাঁর ঘরের সামনে হাজির হন। দরজায় টোকা দিয়ে তাঁকে ডাকেন তাঁরা। দরজা খোলার পরই সবাই একসঙ্গে চিৎকার করে ওঠেন, “হ্যাপি বার্থডে”।
এর পর সতীর্থদের সঙ্গে কেক কাটেন মেসি। জানা গিয়েছে, তাঁর জন্য আনা হয়েছিল বিশেষ কেক, যা তৈরি করেছিল কানসাস সিটির একটি বেকারি। সেই বেকারির মালিকও আর্জেন্টিনার নাগরিক। জন্মদিনের এই অনুষ্ঠানে সতীর্থদের জন্য পাল্টা উপহারও দেন মেসি।
মেসিকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জুলিয়ান আলভারেজ। বিশেষ টি-শার্টের ছবি পোস্ট করে তিনি লেখেন, “সেই মানুষটির জন্য, যিনি আমাদের জীবন বদলে দিয়েছেন, অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত দিয়েছেন এবং বিশ্বাস করতে শিখিয়েছেন যে স্বপ্ন সত্যি হতে পারে। তোমার সঙ্গে সময় কাটানোই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। শুভ জন্মদিন অধিনায়ক। আমরা তোমাকে ভালবাসি।”
জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মেসিও। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আমার দেশ এবং গোটা বিশ্বের মানুষকে ধন্যবাদ। প্রতি বছরই তাঁরা নিজেদের উজাড় করে আমাকে শুভেচ্ছা জানান। আমার পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে থেকেছেন। দারুণ উপহারের জন্য সতীর্থদের ধন্যবাদ। সবার সঙ্গে এই দিনটা ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে।”
বিশ্বকাপের মঞ্চে মেসির এটাই শেষ অধ্যায় কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। তাই তাঁর প্রতিটি মুহূর্তই এখন সমর্থকদের কাছে বিশেষ। মাঠের বাইরে সতীর্থদের এই ভালোবাসা আরও এক বার প্রমাণ করল, আর্জেন্টিনা দলে অধিনায়ক মেসির জায়গা কতটা আলাদা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?