ট্রামি র দাপটে বিধ্বস্ত ফিলিপিন্স
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ট্রামি’ আছড়ে পড়ার পর লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপিন্স। এদিকে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ‘ডেনা’ ঝড়ের মোকাবিলা করছে। তবে ফিলিপিন্সের পরিস্থিতি অনেকটাই ভয়ের। স্থানীয় খবর অনুযায়ী, ‘ট্রামি’র তাণ্ডবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপিন্সের উত্তর-পূর্ব উপকূলে প্রবল ঝড়ের আঘাতে দেড় লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। বুধবার ঝড় আঘাত হানতে শুরু করে এবং তার পর থেকে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনা ঘটছে। উপকূলীয় এলাকার কয়েকটি গ্রামে বাড়িঘর ভেঙে পড়েছে, আর জলের সাথে আসা কাদা ও আগ্নেয়কাদায় অনেক গাড়ি এবং বাড়ি চাপা পড়েছে। সামাজিক মাধ্যমে সেই ভয়াবহতার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
ফিলিপিন্সের আবহাওয়া দফতরের তথ্যমতে, ঝড়ের বেগ ছিল ৯৫ কিমি প্রতি ঘণ্টা, যা কর্ডিলেরার উত্তরাঞ্চল পেরিয়ে দক্ষিণ চিন সাগরের দিকে চলে গেছে। ঝড়ের কারণে মারা যাওয়া অধিকাংশ মানুষ মধ্য বাইকল অঞ্চলের বাসিন্দা। ইতিমধ্যে, সেখানে বিভিন্ন স্থানে উদ্ধারকাজ শুরু হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে ব্যবসা ও স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুসারে, প্রায় ২ লক্ষ মানুষ আশ্রয় শিবিরে চলে গেছেন, কারণ অনেকের বাড়ির ছাদ পর্যন্ত জল পৌঁছে গেছে। এছাড়া, ঝড়ের কারণে অন্তত এক ডজন বিমান বাতিল হয়েছে এবং দেশের কেন্দ্রীয় ব্যাংকও দুই দিনের জন্য আর্থিক লেনদেন বন্ধ রেখেছে। ফিলিপিন্সে সাধারণত বছরে গড়ে ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে, যা ভারী বৃষ্টিপাত, ঝড় এবং ভূমিধসের মতো পরিস্থিতি তৈরি করে।