মিডিয়া কর্মীদের ফুটবল উৎসবের কাউন্টডাউন শুরু!
সংবাদমাধ্যমের ব্যস্ত কর্মজীবনের মাঝেও খেলাধুলা, সুস্থ জীবনযাপন এবং পারস্পরিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করতে শুরু হতে চলেছে ‘মার্লিন-সিএসজেসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। মার্লিন গ্রুপ এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব (CSJC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল সোমবার।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং আলভিটো ডি’কুনহা। তাঁদের উপস্থিতিতেই লটারির মাধ্যমে টুর্নামেন্টের খেলার সূচি নির্ধারণ করা হয়। পাশাপাশি, অংশগ্রহণকারী সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তাঁরা খেলাধুলার গুরুত্ব এবং নিয়মিত শরীরচর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
দু’দিনের এই ফাইভ-এ-সাইড ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ‘মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক’-এ। এবারের আসরে মোট ২৩টি দল অংশ নেবে। শহরের প্রিন্ট, টেলিভিশন এবং ডিজিটাল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মাঠে নামবেন নিজেদের প্রতিষ্ঠানের হয়ে।
গত বছরের মতো এবারও প্রতিযোগিতা দুটি আলাদা বিভাগে আয়োজন করা হচ্ছে— প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া। দুটি বিভাগ থেকেই পৃথকভাবে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
প্রিন্ট মিডিয়া বিভাগে খেলবে এই সময়, সংবাদ প্রতিদিন, আজকাল, জাগো বাংলা, যুগশঙ্খ, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব, উত্তরবঙ্গ সংবাদ, ইস্টবেঙ্গল সমাচার, দৈনিক জাগরণ, ফটোগ্রাফার্স টিম, প্রেস ক্লাব এবং দ্য ইকো অফ ইন্ডিয়া।
অন্যদিকে, ইলেকট্রনিক ও ডিজিটাল বিভাগে অংশ নিচ্ছে আনন্দবাজার ডট কম, টিভি৯ বাংলা, বিশ্ববাংলা সংবাদ, ইউটিউব বুলেটস, স্পিরিট অফ ময়দান, লেটস ফুটবল, আইএফএ টিভি, রেভস্পোর্টজ, তারা নিউজ, আজকাল ডট ইন এবং ইউটিউব ফাইটার্স।
অনুষ্ঠানে দীপেন্দু বিশ্বাস ও আলভিটো ডি’কুনহা বলেন, সাংবাদিকদের কাজের চাপ অত্যন্ত বেশি। সেই ব্যস্ততার মধ্যেও নিয়মিত খেলাধুলা শরীর ও মন— দু’টিকেই সুস্থ রাখতে সাহায্য করে। তাঁদের মতে, এমন উদ্যোগ শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দলগত মানসিকতাও আরও দৃঢ় করে।
প্রতিযোগিতার আয়োজকরাও আশা করছেন, এবারের টুর্নামেন্ট শুধু প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ হবে না, বরং সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠবে। মাঠে থাকবে লড়াইয়ের উত্তাপ, কিন্তু মাঠের বাইরে থাকবে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং সুস্থ প্রতিযোগিতার বার্তা— এই প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে ‘মার্লিন-সিএসজেসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।