মাঠে কিংবদন্তি, ব্যবসাতেও সফল মেসি!
ফুটবল মাঠে তাঁর নামই যথেষ্ট। লিওনেল মেসির পায়ের জাদু যেমন কোটি কোটি সমর্থককে মুগ্ধ করে, তেমনই মাঠের বাইরেও তিনি গড়ে তুলেছেন সফল ব্যবসায়িক পরিচয়। বিলাসবহুল বাড়ি, সুপারকারের সংগ্রহ কিংবা ব্যক্তিগত সম্পত্তির পাশাপাশি ইউরোপের বিভিন্ন পর্যটনকেন্দ্রে রয়েছে তাঁর একাধিক প্রিমিয়াম হোটেল। পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও বিলাসিতার মিশেলে এই হোটেলগুলি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।
অ্যান্ডোরার পাহাড়ঘেরা বিলাসিতা
পিরেনিজ পর্বতমালার কোলে অবস্থিত অ্যান্ডোরায় মেসির অন্যতম বিলাসবহুল হোটেল। প্রায় ৩৮টি প্রিমিয়াম রুম ও স্যুট রয়েছে এখানে। ব্যক্তিগত সুইমিং পুল, স্পা, জিম এবং আধুনিক সুযোগ-সুবিধায় সাজানো এই হোটেল শহরের কেন্দ্রের কাছেই অবস্থিত। মৌসুম অনুযায়ী ভাড়া বদলালেও এক রাতের জন্য প্রায় ২৫ হাজার টাকা থেকে খরচ শুরু হয়।
বার্সেলোনার সমুদ্রসৈকতের পাশে
স্পেনের সিটজেস সমুদ্রসৈকতের অদূরে রয়েছে মেসির আর একটি জনপ্রিয় হোটেল। ইনফিনিটি পুল, স্কাই বার, আধুনিক জিম এবং আন্তর্জাতিক মানের রেস্তরাঁ এই হোটেলের প্রধান আকর্ষণ। ঘরের ধরন অনুযায়ী এক রাতের ভাড়া প্রায় ১২ হাজার টাকা থেকে শুরু হয়ে ৭৯ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে।
ইবিজার বুটিক হোটেল
স্পেনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ইবিজার ফিগুয়েরেতাস এলাকায় অবস্থিত এই বুটিক হোটেলটি রুচিশীল অন্দরসজ্জার জন্য বিশেষ পরিচিত। ব্রিটিশ শিল্পী শন কোচরানের নকশায় তৈরি হোটেলটিতে রয়েছে সমুদ্রমুখী স্যুট, স্পা, সুইমিং পুল, জিম এবং বিখ্যাত স্কাই বার। এখানে এক রাত থাকার খরচ প্রায় ৬৬ হাজার টাকা থেকে শুরু।
মায়োর্কার সমুদ্রতীরের রিসর্ট
মায়োর্কা দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত মেসির আর একটি বিলাসবহুল হোটেলে রয়েছে প্রায় ৯৮টি কক্ষ। সুইমিং পুল, স্প্যানিশ খাবারের রেস্তরাঁ এবং সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে এখানে। মৌসুমভেদে এক রাতের ভাড়া প্রায় ১৩ থেকে ১৪ হাজার টাকা থেকে শুরু হয়।
পিরেনিজে স্কি রিসর্ট
স্পেনের বাকেইরা অঞ্চলে অবস্থিত এই স্কি রিসর্ট শীতকালীন পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রায় ১৩৭টি কক্ষ, আধুনিক স্পা, ইনডোর সুইমিং পুল, জিম এবং উন্নতমানের রেস্তরাঁ নিয়ে সাজানো এই রিসর্ট স্কি প্রেমীদের কাছে জনপ্রিয় গন্তব্য।
সোতোগ্রান্দের মেরিনা হোটেল
স্পেনের সোতোগ্রান্দে মেরিনার কাছেই রয়েছে মেসির আর একটি প্রিমিয়াম হোটেল। প্রায় ৪৫টি আধুনিক কক্ষের অধিকাংশ থেকেই দেখা যায় সমুদ্র ও বন্দর। ভূমধ্যসাগরীয় খাবার এবং সামুদ্রিক পদ পরিবেশনের জন্য এখানকার রেস্তরাঁ বিশেষভাবে পরিচিত। কিছু হোটেল অবশ্য আন্তর্জাতিক হোটেল ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত লিওনেল মেসি ব্যবসার জগতেও নিজের অবস্থান শক্ত করেছেন। ক্রীড়াজীবনের সাফল্যের পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা শিল্পে তাঁর এই বিনিয়োগ প্রমাণ করে, মাঠের বাইরেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি সমান দক্ষ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?