ভাইচুংয়ের বয়কটের ডাকেও অনড় ব্রাজ়িল!
ব্রাজ়িল-ভারত প্রীতি ম্যাচ ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। তাঁর আপত্তি, একটি প্রদর্শনী ম্যাচের জন্য ভারতীয় ফুটবলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তবে এই বিতর্কে ব্রাজ়িলের ভারতে আসার পরিকল্পনায় কোনও পরিবর্তন হচ্ছে না বলেই সে দেশের ফুটবল কর্তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি।
৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হওয়ার কথা ভারত ও ব্রাজ়িলের। এই ম্যাচ আয়োজনের জন্য ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছে। এর জেরে আইএসএলের সূচিও পিছিয়ে যেতে পারে। বিষয়টি নিয়েই ক্ষুব্ধ ভাইচুং।
ভাইচুংয়ের আপত্তি কোথায়?
ভাইচুংয়ের মতে, ব্রাজ়িলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ অবশ্যই বড় বিষয়। কিন্তু তার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো বা দেশের ঘরোয়া ফুটবলকে পিছিয়ে দেওয়া কোনও ভাবেই যুক্তিযুক্ত নয়।
তাঁর এই বক্তব্য অবশ্য ব্রাজ়িলের ফুটবল কর্তাদের পরিকল্পনায় প্রভাব ফেলেনি। ব্রাজ়িল ফুটবল কনফেডারেশনের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ভারতে ম্যাচটি নিয়ে যে বিতর্ক চলছে, সে সম্পর্কে তাঁরা অবগত। তবে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনায় কোনও বদল হয়নি।
যুবভারতী পরিদর্শনে ব্রাজ়িলের প্রতিনিধি
ম্যাচ নিয়ে ব্রাজ়িল যে যথেষ্ট গুরুত্ব দিয়ে এগোচ্ছে, তার প্রমাণ মিলেছে গত বৃহস্পতিবার। সে দেশের ফুটবল কর্তারা পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতায় পাঠিয়েছিলেন।
প্রতিনিধিরা যুবভারতীর মাঠ, ঘাসের মান, সাজঘর এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন। তাঁরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গেও কথা বলেন। প্রয়োজনীয় কিছু পরিবর্তনের পরামর্শও দিয়েছেন তাঁরা। কাজ কতটা এগিয়েছে তা দেখতে ফের পরিদর্শনে আসার কথা রয়েছে।
ভারতের সমর্থনের জন্যই কলকাতায় আসতে চায় ব্রাজ়িল?
ব্রাজ়িল দলের কোঅর্ডিনেটর রদ্রিগো কাতানোর বক্তব্যেও ম্যাচটি নিয়ে ইতিবাচক মনোভাব স্পষ্ট। তাঁর কথায়, ভারতের ফুটবলপ্রেমীদের সঙ্গে ব্রাজ়িলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপের সময় ভারতীয় সমর্থকদের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে তিনি জানান, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই ভারতে খেলতে চায় ব্রাজ়িল।
অক্টোবরে ভারত মোট তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে। ৩ অক্টোবর ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচের পর কাবো ভার্দের সঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে। তৃতীয় প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
তবে এই ম্যাচ আয়োজনের আর্থিক দিক নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। শুধু ব্রাজ়িলকে কলকাতায় আনতে ৬০-৭০ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্য দিকে, আইএসএল আয়োজনের জন্যই অর্থের সঙ্কট রয়েছে ফেডারেশনের। ফলে ব্রাজ়িল ম্যাচ যতটা উত্তেজনা তৈরি করছে, ততটাই বিতর্কও বাড়ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।