আট বছরেই এশিয়াডে সোনা নীরুর!
শুরুটা হয়েছিল ভাইকে দেখে। হাতে ছিল না নিজের বন্দুক, ছিল না বড় কোনও প্রশিক্ষণ পরিকাঠামোও। ধার করা শটগান নিয়ে টিনের ক্যানকে নিশানা বানিয়ে অনুশীলন করতেন নীরু ধঁধা। সেই মেয়েটিই মাত্র আট বছরের মধ্যে এশিয়ান গেমসে ভারতের হয়ে ব্যক্তিগত সোনা জিতে ইতিহাস গড়লেন।
২০১৮ সালের এশিয়ান গেমসে পুরুষদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতেছিলেন নীরুর তুতো ভাই লক্ষ্য সেওরান। তাঁর সাফল্য দেখেই শুটিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় নীরুর। বন্দুক হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় সেনাবাহিনীর বর্তমান সুবেদার।
কিন্তু শুটিং শুরু করলেই তো আর সাফল্য আসে না। শুরুতে নিজের শটগানও ছিল না নীরুর। ভাইয়ের কাছ থেকে বন্দুক ধার করে অনুশীলন করতে হত। দূর থেকে ছোড়া শটগানের নিশানা ঠিক করার জন্য টিনের ক্যানকেই বানিয়ে ফেলেছিলেন অনুশীলনের লক্ষ্য।
সীমাবদ্ধতা অবশ্য তাঁর পথ আটকাতে পারেনি। ২০২২ সালে প্রথম বার বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নীরু। তার পর এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। চলতি বছরও দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। ব্যক্তিগত ট্র্যাপে সোনা জিতে ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে সেই নজির গড়েন। মিক্সড ট্র্যাপেও ব্রোঞ্জ জেতেন।
এশিয়ান গেমসে সেই ধারাই আরও বড় সাফল্যে বদলে গেল। মহিলাদের ট্র্যাপের ব্যক্তিগত ইভেন্টে চিনের সুন ইউনঙকে পিছনে ফেলে সোনা জিতলেন নীরু। এর আগে মিক্সড টিম ট্র্যাপে রুপোও পেয়েছিলেন তিনি। ফলে এ বারের এশিয়াডে তাঁর পদকসংখ্যা দাঁড়াল দু’টি।
ফাইনালেও শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে নীরুকে। শেষ দিকে মূল লড়াই ছিল তাঁর সঙ্গে চিনের সুনের। নীরু দু’টি শটের ব্যবধানে এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত ৩০টির মধ্যে ২৮টি শট লক্ষ্যভেদ করেন তিনি। সুন থামেন ২৬-এ।
শুধু সোনাই নয়, নীরুর ২৮ স্কোর এশিয়ান গেমসে ট্র্যাপ ইভেন্টের নতুন রেকর্ডও তৈরি করেছে। এর আগে এই ইভেন্টে সর্বাধিক স্কোর ছিল ২৪।
নীরুর এই সাফল্যের সাক্ষী তাঁর কোচ পিটার উইলসনও। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে সোনা জেতা ব্রিটিশ শুটার বর্তমানে ভারতীয় দলের কোচ। নীরু সোনা নিশ্চিত করার পর তাঁকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন উইলসন। সেই মুহূর্তে যেন আট বছরের পরিশ্রমের ছবিটাই ফিরে এসেছিল—ভাইয়ের সাফল্য দেখে বন্দুক হাতে নেওয়া, ধার করা শটগান এবং টিনের ক্যান দিয়ে শুরু করা অনুশীলন পেরিয়ে এশিয়াডের সোনার মঞ্চে নীরু ধঁধা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।