রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর!
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক Raj Chakraborty। ২০২৬ সালের নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে পরাজয়ের পর সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে নিজের রাজনৈতিক জীবনের ইতি টানার কথা জানান তিনি।
২০২১ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন রাজ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ব্যারাকপুর থেকে নির্বাচনে লড়ে জয়ীও হয়েছিলেন। গত পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই সময় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারেও সক্রিয় দেখা গিয়েছিল তাঁকে। এমনকি ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে তথ্যচিত্র পরিচালনাও করেছিলেন তিনি।
কিন্তু ২০২৬ সালের নির্বাচনে পুরনো কেন্দ্রে ফের লড়েও জয় ধরে রাখতে পারলেন না পরিচালক। ফল ঘোষণার পরে নিজের অনুভূতি জানিয়ে রাজ লেখেন, জীবনের প্রতিটি দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। সিনেমার পরিচালক হিসেবে যেমন মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন, তেমনই বিধায়ক হিসেবেও মানুষের জন্য কাজ করতে চেয়েছেন।
সমাজমাধ্যমে দেওয়া পোস্টে রাজ লেখেন, ২০২১ সালে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল মানুষের সমর্থনে। সেই পথচলা ২০২৬-এ এসে শেষ হল। একই সঙ্গে তিনি নতুন সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বক্তব্য, বাংলার মানুষের রায়ে নতুন সরকার এসেছে এবং তিনি আশা করেন নতুন প্রশাসনের হাত ধরে রাজ্য উন্নতির পথে এগোবে।
নির্বাচনের সময় ব্যারাকপুরে রাজের প্রচার ঘিরে যথেষ্ট উন্মাদনা দেখা গিয়েছিল। রোড শোয়ে ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতো। তবে ফল ঘোষণার দিন পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। গণনাকেন্দ্র থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি কাদা ও ঘুঁটে ছোড়ার ঘটনাও সামনে আসে। যদিও সেই ঘটনার পর প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি রাজ।
রাজের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তিনি কি পুরোপুরি জনজীবন থেকে সরে গিয়ে আবার শুধুই সিনেমায় মন দেবেন? যদিও সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি পরিচালক।
এদিকে স্বামীর পরাজয়ের পর অভিনেত্রী Subhashree Ganguly-র একটি সমাজমাধ্যম পোস্টও নজর কেড়েছে। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণ ভাবে লেখেন, রাজই তাঁদের জীবনের নায়ক। অনেকের মতে, এই বার্তার মাধ্যমে কঠিন সময়েও স্বামীর পাশে থাকার বার্তাই দিয়েছেন তিনি।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা